শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণই জাতীয় অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারে। এর মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম’ শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর, আইএলও এবং ইউনেসকো যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, দেশের অদক্ষ লোকজনকে জনশক্তিতে পরিণত করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন কমপক্ষে তিন গুণ বৃদ্ধি করা সম্ভব। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাজাহান মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিকাইল শিপার, বাংলাদেশে আইএলওর পরিচালক গগন রাজভান্ডারি প্রমুখ।