কারিগরি শিক্ষার উন্নয়ন করা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের প্রয়োজনে কারিগরি শিক্ষার উন্নয়ন করা হবে। গতকাল রোববার বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির (বাপশিস) দ্বিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শুরু হয়েছ দুই দিনের এ সম্মেলন। এতে সারা দেশের ৫০টি সরকারি পলিটেনিক ও তিনটি মনোটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক ও সমিতির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কারিগরি শিক্ষা’।শিক্ষামন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জন্মলগ্ন থেকেই কারিগরি শিক্ষাকে গুরুত্বহীন ও অবহেলিত করে রাখা হয়েছে। দেশের স্বার্থেই এই অবস্থার পরিবর্তন করতে হবে। মূল বক্তব্যে সমিতির সভাপতি মো. ইদরীস আলী বলেন, দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষকের পদ শূন্য রেখে মানসম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলী তৈরি সম্ভব নয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ আসাদুজ্জামান খান কামাল বক্তব্য দেন।