কারিগরি শিক্ষায় গাড়ি চালনা প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব
গবেষণার তথ্য অনুযায়ী দেশে সংঘটিত সড়ক দুর্ঘটনার বেশির ভাগই হয় চালকের ভুলে। শ্রমিক ইউনিয়নের তালিকা ধরে পেশাদার চালকদের একটি অংশ আবার কোনো পরীক্ষা ছাড়াই পেয়ে যান লাইসেন্স। যথাযথ দক্ষতা অর্জন না করে চালকেরা লাইসেন্স পাওয়ায় দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ অবস্থায় দেশের কারিগরি স্কুল ও কলেজে মোটরযান চালানো বিষয়ে কোর্স চালুর প্রক্রিয়া শুরু করেছে সরকার।কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন স্কুল ও কলেজে ‘মোটর ড্রাইভিং ট্রেড কোর্স’ চালুর অনুরোধ জানিয়ে গত জানুয়ারি মাসে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে চিঠি দেন। বিআরটিএর পরিচালক (প্রশাসন) তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, চালকদের প্রশিক্ষণের জন্য বিআরটিএ বেশ কিছু সচেতনতা কার্যক্রম নিয়েছে। তবে তা যথেষ্ট নয়। তাই শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। যোগাযোগমন্ত্রীর পর বিআরটিএর চেয়ারম্যানের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আবারও চিঠি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।গত জানুয়ারি মাসে যোগাযোগমন্ত্রীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশে প্রতি বছর পাঁচ হাজার সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে প্রায় চার হাজার মানুষের। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে আরও অসংখ্য মানুষ। দুর্ঘটনায় সম্পদ নষ্ট হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি শিক্ষার পাঠ্যসূচিতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছেন জানিয়ে প্রথম আলোকে বলেন, যোগাযোগমন্ত্রীর চিঠি তিনি পেয়েছেন। তবে শুধু ড্রাইভিং নয়, বাস্তবে কাজে লাগে এমন আরও অনেক বিষয় কারিগরি ট্রেডে অন্তর্ভুক্ত করার কাজ করছেন তাঁরা।যোগাযোগ মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন লঙ্ঘন করার প্রবণতাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ। কারিগরি স্কুল ও কলেজে ড্রাইভিং ট্রেড কোর্স চালু হলে দুর্ঘটনা কমে আসবে এবং মানসম্মত চালক বিদেশেও পাঠানো যাবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক শামসুল হক প্রথম আলোকে বলেন, দেশে যে পরিমাণ যানবাহন আছে সেগুলো চালানোর জন্য অন্তত ২০ লাখ চালক দরকার। কারণ বাণিজ্যিক যানবাহন পরিচালনায় একাধিক চালক দরকার হয়। কিন্তু বাংলাদেশে দক্ষ চালক খুব কম। এ ছাড়া বিদেশেও দক্ষ চালকের চাহিদা আছে। তাই দুর্ঘটনা রোধ ও দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চালক প্রেরণের লক্ষ্য নিয়ে ট্রেড কোর্স চালু করলে তা ভালো ফল বয়ে আনবে।