কারিনা কাপুরের কনসার্ট স্থগিত
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শুক্রবার অনুষ্ঠেয় কারিনা কাপুরের কনসার্টটি স্থগিত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা। ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অনুষ্ঠানের আয়োজনে কিছু প্রস্তুতির অভাব ও সমন্বয়হীনতা ছিল।
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ নামের কনসার্টটিতে বলিউডের অভিনয়শিল্পী কারিনা কাপুর খান ছাড়াও যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর। এ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি তারকা অনন্ত জলিলেরও। পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রচারাভিযানের অংশ হিসেবে এ কনসার্টটির আয়োজন করা হয় বলে ডিএসসিসি জানিয়েছে। এ আয়োজনের মূল উদ্যোক্তা অন্তর শোবিজ।
জানতে চাইলে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আলোচনা করে পরে জানানো হবে। নিরাপত্তাজনিত কারণে কারিনা কাপুর আসছেন না।’
ডিএসসিসির একজন কর্মকর্তা বলেন, পুলিশের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে বলা হয়েছে, এ সময় ঢাকায় বইমেলা, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ও সরস্বতী পূজার মতো অনুষ্ঠানের নিরাপত্তা দিতে হচ্ছে পুলিশকে। এ রকম ব্যস্ত সময়ে ওই কনসার্টের মতো এত বড় অনুষ্ঠানের নিরাপত্তা দেওয়া এখন পুলিশের পক্ষে কঠিন হয়ে যেত। তাই পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিতে বলা হয়।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজের কিছু প্রস্তুতি ও সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে হয়েছে। তাই তাদের বলা হয়েছে আরও প্রস্তুতি ও সমন্বয়ের পর অনুষ্ঠানটি করতে।
নিরাপত্তার কারণে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তাদের সার্বিকভাবে সমন্বয় করতে বলা হয়েছে।