কারেন্ট জাল রাখায় দুজনকে এক বছর করে কারাদণ্ড
পুরান ঢাকার বংশালের মাহুতটুলিতে অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে দেলোয়ার হোসেন ও আলী সিদ্দিক নামে দুজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস এই আদালত পরিচালনা করেন।
বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মাহুতটুলিতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও আলী সিদ্দিকের কাছ থেকে প্রায় ৪০ মন কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় তাঁদের দুজনকে মৎস্য সংরক্ষণ আইনে দণ্ড দেওয়া হয়। পরে মাজেদ সরদার কমিউনিটি সেন্টার-সংলগ্ন বাংলাদেশ মাঠে উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জালের বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
সিগারেট জব্দ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদনহীন বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেট থেকে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দ হওয়া সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম কমিশনার শফিউর রহমান প্রথম আলোকে বলেন, মালিন্দো এয়ারে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে জসিমউদ্দিনের নামে সিগারেটগুলো ঢাকায় আনা হয়। গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরের এয়ার ফ্রেটে অভিযান চালিয়ে সিগারেটভর্তি পাঁচটি কার্টন জব্দ করা হয়। এসব কার্টনের ভেতর থেকে ১ কোটি ৬০ লাখ সিগারেটের স্টিক পাওয়া যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।