কার্বন নিঃসরণ কমাতে ঢাকা-টোকিও চুক্তি সই
কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ ও জাপান একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় জাপানের পরিবেশবান্ধব প্রযুক্তি, পণ্য ও সেবা ব্যবহার গ্রিন হাউস গ্যাস নির্গমনে সহায়ক হবে।এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘দ্বিপক্ষীয় অফসেট ক্রেডিট মেকানিজম’ বা ‘স্বল্প কার্বন প্রবৃদ্ধি অংশীদারিত্ব’ শীর্ষক চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত শিরো সাদোশিমা সই করেন।চুক্তি সইয়ের পর জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘দ্বিপক্ষীয় অফসেট ক্রেডিট মেকানিজম বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতি রক্ষায় আরও নিবিড়ভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাপান। বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বাংলাদেশের সঙ্গে জাপানের যৌথ উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান রাখবে।’জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ হচ্ছে তৃতীয় দেশ, যার সঙ্গে জাপান এই চুক্তি সই করেছে।প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। কিয়োটো প্রটোকল অনুসারে, ২০১২ সাল-পরবর্তী সময়ে জাপান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকারের অংশ হিসেবে জাপান কার্বন নির্গমন হ্রাসে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই করেছে।