কার্বন নিঃসরণ বন্ধে পাঁচ দেশ একযোগে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ পাঁচটি দেশ কালো কার্বন নিঃসরণ বন্ধে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। একটি আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে সুইডেন বাংলাদেশকে এই কাজে প্রায় ৩০ কোটি টাকার সহায়তা দেবে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও সুইডেন সরকারের এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।রাজধানীর একটি হোটেলে শেষ হওয়া ‘গৃহাভ্যন্তরের বায়ু দূষণ’ বিষয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের সমাপ্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সুইডেনের পরিবেশ মন্ত্রী লিনা এক এবং দুই দেশের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ‘জয়েন্ট বাংলাদেশ-সুইডেন পলিসি সেমিনার অন নিয়ারটার্ম এয়ার কোয়ালিটি অ্যান্ড ক্লাইমেট বেনিফিট’ শীর্ষক ওই সেমিনারে বিভিন্ন দেশের বায়ু দূষণ বিশেষজ্ঞরা অংশ নেন। সেমিনারে জানানো হয়, গৃহাভ্যন্তরের বায়ু দূষণের প্রবণতার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি দেশের অন্যতম। গ্রামে রান্নার কাজে কাঠ-গোবর পোড়ানো এবং পুরোনো গাড়ির কালো ধোঁয়া থেকে এই কালো কার্বন তৈরি হয়। সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ কালো কার্বন রোধে এরই মধ্যে গ্রামাঞ্চলে চার লাখ উন্নত চুলা সরবরাহ করেছে যা ব্যবহারের মাধ্যমে কালো কার্বন নিঃসরণ কমবে। সুইডেন সরকারের কাছ থেকে বাংলাদেশ যে অর্থসহায়তা পাবে তা দিয়ে আরও চুলা সরবরাহ করা হবে। এই সেমিনারের মাধ্যমে যুক্তরাষ্ট্র, সুইডেন, মেক্সিকো, কানাডা ও বাংলাদেশ কালো ধোঁয়া নিঃসরণ বন্ধে একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে সুইডেনের পরিবেশ মন্ত্রী লিনা এক বলেন, বাংলাদেশ ও সুইডেন এর আগে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে একযোগে কাজ করেছে। সামনের দিনগুলোতে গৃহাভ্যন্তরের বায়ু দূষণ ও কালো কার্বন নিঃসরণ বন্ধে একযোগে কাজ করবে। সুইডেন সরকার ২০৩০ সালের মধ্যে তাদের মোট কার্বন নিঃসরণের পরিমাণ ৪০ শতাংশ কমিয়ে আনবে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য শিল্পোন্নত দেশও যাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সে চেষ্টাও সুইডেন সরকার করবে।