কার্বাইড দিয়ে আম পাকানোর প্রমাণ পেলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার ফলের আড়ত থেকে গতকাল সোমবার ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো প্রায় সাড়ে নয় হাজার কেজি আম জব্দ করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। পরে আমগুলোর কিছু কারওয়ান বাজারে এবং বাকিগুলো ডেমরার ডাম্পিং স্টেশনে নিয়ে বিনষ্ট করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, দুপুর ১২টার দিকে আদালত কারওয়ান বাজারের আমেনা ট্রেডার্স নামের একটি আড়তে অভিযান চালান। আদালতের সঙ্গে থাকা পরিবেশ অধিদপ্তরের বিশেষ দল ওই আড়তের দুটি আম পরীক্ষা করে রাসায়নিক পদার্থ ক্যালসিয়াম কার্বাইডের অস্তিত্ব পায়। আদালত আড়তটি থেকে প্রায় ৬৫০ কেজি আম জব্দ করেন। পরে আদালত মেসার্স ঢাকা বাণিজ্যালয় নামের আড়তের দুটি আম পরীক্ষা করেও কার্বাইড দিয়ে পাকানোর প্রমাণ পান। ওই আড়তের প্রায় পাঁচ হাজার ৩০০ কেজি আমও জব্দ করা হয়। আড়তে থাকা ব্যাপারী অমিত কুমার দাস জানান, তিনি চুয়াডাঙ্গা থেকে দেড় লাখ টাকায় এক ট্রাক আম এনেছেন। আমে কার্বাইড থাকার বিষয়টি তাঁর জানা ছিল না।সূত্র জানায়, এরপর একই কারণে দেশ-বিদেশ ফার্ম থেকে এক হাজার কেজি, তেজগাঁও ফার্ম থেকে এক হাজার ২৮০ কেজি এবং শাহী ভান্ডার থেকে এক হাজার ২০০ কেজি আম জব্দ করেন আদালত।ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন এ আদালত পরিচালনা করেন। অভিযানে অংশ নেয় বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, র‌্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ (সংশোধনী ২০০৩)-এর ৬(এ) ধারায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেউ তা করলে তার ১৫ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) মাহমুদ হাসান বলেন, কার্বাইডের অস্তিত্ব শনাক্তের জন্য আড়তগুলোর আম ডিস্টিল ওয়াটারে ডুবিয়ে তাতে ক্যালসিয়াম ইনডিকেটর দেওয়া হয়েছে। কার্বাইড দিয়ে পাকানো আম কিছুক্ষণ পর সবুজ রং ধারণ করেছে। কার্বাইড না থাকলে এগুলোর রং সঙ্গে সঙ্গে সবুজ হতো।ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, হাইকোর্টের নির্দেশের পর ফলে রাসায়নিক পদার্থ রয়েছে কি না, তা পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি কার্বাইড দিয়ে আম না পাকানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।কার্বাইডযুক্ত আমের কারণে মানবদেহের ক্ষতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ক্যালসিয়াম কার্বাইড বেশি পরিমাণে মানুষের শরীরে প্রবেশ করলে পাকস্থলি ও অন্ত্রনালিতে ক্যানসারও হতে পারে। সাধারণত আম, পেঁপে ও কলা কার্বাইড দিয়ে পাকানো হয়। কার্বাইড মিশ্রিত ফল খেলে পাকস্থলিতে প্রদাহ ও ঘা, বদহজম, পেটে গ্যাস ও কোষ্ঠকাঠিন্য হয়।