স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, জনসংখ্যা কার্যক্রম দৃশ্যমান না হলেও এ ক্ষেত্রে সাফল্য অনেক। দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের হার বেড়ে ৬১ দশমিক ২ শতাংশে এবং জনসংখ্যা বৃদ্ধি হার কমে ১ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রীর অপূর্ণ চাহিদা আগের চেয়ে কমছে। সামগ্রী সরবরাহে কোনো সমস্যা বা সংকট নেই। তিনি সাংবাদিকদের জানান, জনসংখ্যানীতি চূড়ান্ত ও ছাপা হয়েছে। জাতীয় সংসদকে তা অবহিত করা হবে।কাল শনিবার থেকে ঢাকায় দুই দিনব্যাপী পিপিডির (পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) সম্মেলন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে জাননো হয়, পিপিডি ২৫টি উন্নয়নশীল দেশের একটি মোর্চা। ১৯৯৪ সালে জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক কায়রো সম্মেলনের পর এর যাত্রা শুরু হয়। শুরুতে এর সদস্য ছিল ১০টি দেশ। পিপিডির প্রধান কার্যালয় ঢাকাতে। ১২ নভেম্বর এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্মেলনে ভারতের স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ, চীনের জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশনের ভাইস মিনিস্টার চেন লি, মালির স্বাস্থ্যমন্ত্রী সৌমানা সাকাদজি, নাইজেরিয়ার পরিকল্পনামন্ত্রী শামসুদ্দিন উসমান, দক্ষিণ আফ্রিকার সামাজিক উন্নয়ন উপমন্ত্রী বোঙ্গি মারিয়া নাটুলি, উগান্ডার অর্থনৈতিক উন্নয়ন উপমন্ত্রী মাতিয়া কাসাইজি, জিম্বাবুয়ের স্বাস্থ্য ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী ডগলাস টেনডাই মোমবাশোরা।