কার্যতালিকায় উঠছেই না অপহরণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি আদালতের কার্যতালিকায় অপহরণের অভিযোগে করা কয়েকটি মামলা ২০০৯ সাল থেকে উঠছে না। নারী ও শিশু নির্যাতন আইনের এসব মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন। কিন্তু নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির বিষয়ে আদালতে প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। আলোচ্য মামলাগুলোর বিচার হচ্ছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ। প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, একটি মামলায় ২০০৯ সালের ২৩ মার্চ আদালত আসামি আবুল বাশারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল ১৯ অক্টোবর। বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশও হয়। কিন্তু এরপর থেকে আদালতের দৈনিক কার্যতালিকায় এ মামলা উঠছে না। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফজলুর রহমান প্রথম আলোকে উল্টো প্রশ্ন করে বলেন, ‘এ মামলায় নকলের দরখাস্ত কে দিয়েছে?’ সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি ফাতেমা রশিদ প্রথম আলোকে বলেন, তিনি ২০০৯ সালের এপ্রিলে কৌঁসুলি হিসেবে দায়িত্ব নেন। তাই তাঁর নজরে আসেনি। ফাতেমা রশিদ আরও বলেন, বর্তমান বিচারক মো.সাদেকুল ইসলাম তালুকদার চলতি বছরের প্রথম দিকে কাজে যোগ দেন। যাঁরা মামলা কার্যতালিকায় না তোলার জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আদালতে উপস্থিত আইনজীবী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফজলুর রহমান পেশকার হিসেবে ২০০৬-০৭ সাল থেকে একই আদালতে কাজ করছেন। ঢাকার পাঁচটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকেরা বদলি হলেও বেঞ্চ সহকারীরা বহাল তবিয়তেই থেকে যান। আরও মামলা কার্যতালিকা থেকে বাদ পড়েছে কি না এ প্রশ্নের উত্তরে পেশকার ফজলুর রহমান বলেন, ‘আমাদের নজরে আসার পর পরই ২ জুলাই আবুল বাশারের মামলার নথিতে পত্রিকার বিজ্ঞপ্তি প্রতিবেদন উপস্থাপন করা হয়। উল্লেখ্য, এ দিন আদালতের আদেশে বলা হয়, ‘ভুলবশত মামলাটি ডায়েরিতে (কার্যতালিকা) তোলা হয় নাই। আসামি পলাতক। রাষ্ট্রপক্ষ হাজিরা দিয়েছেন।’ কিন্তু নথি পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রপক্ষে কোনো হাজিরা নেই। কোন সরকারি কৌঁসুলি হাজিরা দিয়েছেন এ প্রশ্নের জবাবে পেশকার বলেন, ‘ভুলে লেখা হয়েছে।’ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেছেন, তিনি কোনো হাজিরা দেননি।আদালতের কার্যতালিকায় উঠছে না নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ ও যৌতুক চাওয়ার অভিযোগে করা এমন মামলার সংখ্যা অন্তত চারটি। ২০০৬ সালে জনৈক সুজন আলী রাজধানীর শ্যামপুর থানায় আবুল বাশারসহ চারজনকে আসামি করে তাঁর বোনকে অপহরণ করার মামলা করেন। ২০০৯ সালের ৯ মে আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের ২০ এপ্রিল বাদীর বোন কোচিংয়ে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়।এ ছাড়া ২০০৮ সালের ২৪ জুলাই মেয়েকে অপহরণের অভিযোগে শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসিন্দা লিয়াকত আলী মতিঝিল থানায় মামলা করেন। স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে ২০০৭ সালের ২৯ নভেম্বর মামলা করেন পূর্ব জুরাইনের বাসিন্দা মো. সিরাজ। যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে ২০০৯ সালের ২১ নভেম্বর দক্ষিণ দনিয়ার হালিমা আকতার স্বামী জামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। কার্যতালিকায় না ওঠায় এ মামলাগুলোর আসামিদেরও বিচারের সম্মুখীন হতে হচ্ছে না।