কার্যালয়ের বারান্দা থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের একটি বায়িং হাউস কার্যালয়ের ষষ্ঠ তলার বারান্দা থেকে পড়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার সময় পুলিশ ওই প্রতিষ্ঠানে উপস্থিত ছিল। পুলিশের ভাষ্যমতে, ওই প্রতিষ্ঠানের টাকা চুরির ঘটনায় সন্দেহ-ভাজন আসাদুজ্জামান নিজেই ষষ্ঠ তলা থেকে লাফিয়ে পড়েছেন। এশিয়া এক্সেল নামের ওই বায়িং হাউসের বাংলাদেশের ব্যবস্থাপক ভারতীয় নাগরিক রাভিন শাহ জানান, আসাদুজ্জামান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার কার্যালয় থেকে ছয় লাখ ২৪ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় মামলা করা হলে গতকাল দুপুরের দিকে তাঁদের কার্যালয়ে পুলিশ আসে। তাঁরা পুলিশকে জানান, চুরির ঘটনায় তাঁরা আসাদুজ্জামানকে সন্দেহ করছেন। রাভিন শাহ জানান, একপর্যায়ে আসাদুজ্জামান টাকা চুরির বিষয়টি স্বীকার করে পুলিশের সামনেই কিছু টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন এবং রাভিন শাহর সঙ্গে একাকী কথা বলতে চান। তিনি রাজি না হলে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মোবারকের সঙ্গে একাকী কথা বলতে চান আসাদুজ্জামান। রাশেদ রাজি হলে আসাদুজ্জামান কক্ষ থেকে বের হন। এসআই রাশেদ জানান, আসাদুজ্জামান বের হওয়ার ২০ সেকেন্ডের মধ্যেই তিনি একটি শব্দ শুনতে পান। এরপর বের হয়ে আসাদুজ্জামানকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন।ভবনটির নিচতলার নিরাপত্তাকর্মী আবদুল হাকিম বলেন, তাঁর সামনেই নিচে পড়েন আসাদুজ্জামান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত আসাদুজ্জামানের বড় বোন চপল বলেন, তাঁদের বাড়ি রাজশাহী সদরে। আসাদুজ্জামান দুই বছর আগে বিয়ে করেছে। কর্মস্থলে ঝামেলার বিষয়ে আসাদুজ্জামান কাউকে কিছু বলেনি।