কাল থেকে স্কুল বাস নামবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট এড়াতে ১৪টি স্কুল বাস নামাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। মিরপুর ১২ থেকে আজিমপুর পর্যন্ত চলাচল করবে এসব স্কুল বাস। এ পথের প্রত্যেকটি স্কুলে বাস থামিয়ে শিক্ষার্থীদের সাবধানে নামিয়ে দেবে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের নিয়োগকৃত সাহায্যকারীরা।কাল শনিবার রাজধানীর মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিআরটিসির এ স্কুল বাস সেবা উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।বিআরটিসি সূত্র জানিয়েছে, বাসগুলোকে শিশুদের উপযোগী করে সাজানো হবে। বাসের ভেতর টেলিভিশনে দেখানো হবে শিশুতোষ সিনেমা ও শিক্ষামূলক বিভিন্ন প্রামাণ্যচিত্র। বিআরটিসি কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানায়, মূলত স্কুলগামী ব্যক্তিগত বাহনে এসব এলাকায় যানজট তৈরি হয়। এ ছাড়া স্কুল চলাকালীন শিক্ষার্থীদের এসব ব্যক্তিগত গাড়ি রাস্তায় ‘পার্কিং’ করে। এতে করে স্কুল এলাকায় সব সময় যানজট লেগে থাকে। বিআরটিসি কর্তৃপক্ষ মনে করছে, এসব স্কুল বাস চালু হলে ব্যক্তিগত গাড়ির ভিড় কমে যাবে, যা রাজধানীর যানজট অনেকাংশে কমিয়ে দেবে।