কাল বিমানবন্দর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন চলাকালে মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার কয়েকটি সড়কে নির্ধারিত সময়ে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কাল শুক্রবার বিদেশি অতিথিদের নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বিদেশগামী যাত্রীদের যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে রওনা দিতে বলেছে পুলিশ।

গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন বলেন, সম্মেলন চলাকালে রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি সড়কে ডাইভারশন দিয়ে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। অতিথিদের বিমানবন্দর থেকে হোটেল এবং হোটেল থেকে ভেন্যু পর্যন্ত পৌঁছে দিতে ট্রাফিক বিভাগ কিছু পদক্ষেপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী শনিবার থেকে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আগামী শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। ওই দিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) থেকে পূর্ব প্রান্ত (খেজুরবাগান ক্রসিং) পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া বিআইসিসিতে আগামী শনিবার থেকে বুধবার সম্মেলন চলাকালে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিআইসিসি ক্রসিং থেকে গণভবন স্কুল দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহন আগারগাঁও লিংক রোড ব্যবহার করে বিআইসিসি ক্রসিংয়ে ঢুকতে পারবে না।