কাল সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাল ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ জন্য ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, ওই দিন সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহনচালকদের সেনানিবাস এলাকা দিয়ে চলাচল না করতে অনুরোধ করা হয়েছে। সকাল সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বেলা সোয়া তিনটার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। আইএসপিআর।