কালশী বস্তিতে বৈধ সংযোগ, পানি পাবে ৬০০০ পরিবার
পল্লবীর কালশী বস্তিতে পানির ২৭৮টি বৈধ সংযোগ দেওয়া হচ্ছে। এতে ছয় হাজার পরিবার সরাসরি উপকৃত হবে। পরোক্ষভাবে উপকৃত হবে প্রায় ১৩ হাজার পরিবারের ৬০ হাজার মানুষ। পানির অন্য আবাসিক গ্রাহকদের মতো এখানেও বস্তিবাসীদের প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম হিসেবে ৮ টাকা ৪৯ পয়সা দিতে হবে।
ঢাকা ওয়াসা ও ইউনিসেফ সূত্রে এই তথ্য পাওয়া যায়। আজ বুধবার সকালে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে বৈধ সংযোগবিষয়ক কাগজপত্র বস্তিবাসীদের কাছে হস্তান্তর করা হবে।
কালশী বস্তিতে স্থানীয় কিছু সুবিধাভোগী লোকের যোগসাজশে আগেই পানির অবৈধ সংযোগ ছিল। বস্তিবাসী পানি পাওয়ার বিনিময়ে এসব লোককে উপযুক্ত দামও দিতেন। কিন্তু মাঝে মাঝেই ওয়াসা অভিযান চালিয়ে এসব চোরা সংযোগ বিচ্ছিন্ন করে দিত। বিচ্ছিন্নতা অভিযানকালে সুবিধাভোগী লোকদের খুঁজে পাওয়া যেত না। এভাবে বারবার সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করার ঘটনা ঘটত।
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) আর্থিক সহায়তায় সম্প্রতি কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) কালশী বস্তিতে ওয়াসার পানির বৈধ সংযোগ দেওয়ার কাজ শুরু করে।
ঢাকা ওয়াসার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা উত্তম কুমার রায় প্রথম আলোকে বলেন, পানির অবৈধ সংযোগের কারণে কালশী বস্তিবাসী এত দিন যে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে দিন কাটাতেন এবার তা কেটে যাবে। ওই বস্তিতে এ পর্যন্ত পানির ২৭৮টি বৈধ সংযোগের কাজ হয়েছে। এই সংযোগের মাধ্যমে সরাসরি ছয় হাজার বস্তিবাসী বিশুদ্ধ পানি পাবে। ওই বস্তিতে মোট ১৩ হাজার পরিবার রয়েছে। তারাও পরোক্ষভাবে পানি পাবে। তবে পর্যায়ক্রমে তাদের বৈধ সংযোগ দেওয়ার কাজ চলতে থাকবে। এতে করে বস্তির মোট ৬০ হাজার মানুষ পানি পাবে।
জানা যায়, এখানে পানির বৈধ সংযোগ দেওয়ার জন্য ওয়াসাকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। কারণ বস্তির বাইরে আগে থেকেই পানির পাইপলাইন ছিল। বস্তির ভেতরে পানির লাইন ও অন্য কাজগুলো গত মাসে শেষ করা হয়েছে।
ওয়াসা জানায়, বস্তিতে সাধারণত পানির কল (ট্যাপ) চুরি হয়ে যায়। এ জন্য ইউনিসেফ ১১৫টি চাপকল স্থাপন করেছে। এসব কল থেকে বস্তিতে বসবাসকারী বাকি প্রায় সাত হাজার পরিবারের লোকজন পানি সংগ্রহ করতে পারবে।
রাজধানীতে বর্তমানে প্রায় তিন হাজার বস্তি রয়েছে। এর মধ্যে ইউনিসেফ নিয়োজিত সংস্থাগুলো ওয়াসার সাহায্যে ১৮টির মতো বস্তিতে পানির বৈধ সংযোগ দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কড়াইল বস্তি, মহাখালী সাততলা বস্তি, টি অ্যান্ড টি বস্তি, মিরপুর ঝিলপাড়, দুয়ারীপাড়া, ধলপুর, রায়েরবাজার, জুরাইন বস্তি।