কালশীতে ফের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের কালশীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গতকালও এলাকাবাসী ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আন্দোলনের মুখে গতিরোধক নির্মাণের কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ইনসেটে) l ছবি: প্রথম আলো

রাজধানীর কালশী এলাকায় গাড়ির ধাক্কায় শিক্ষার্থী শারমিন আক্তার নিহত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবারও এলাকাবাসী ঘটনাস্থলে গতিরোধক বসানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
গত বুধবার দুপুরে একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত শারমিন আক্তার পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষার ফরম জমা দিয়ে পশ্চিম মানিকদীর বাসায় ফেরায় পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
গতকাল বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত মাটিকাটা ইসিবি চত্বরের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ বলেছে, গত এক বছরে কালশী সড়কে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, এর আগে এলাকাবাসীর দাবির মুখে গতিরোধক বসানো হলেও অজ্ঞাত কারণে তা তুলে ফেলা হয়।
পুলিশের ক্যান্টনমেন্ট বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কুদরাত-ই-খুদা বলেন, গতিরোধক স্থাপনের দাবিতে এলাকাবাসী রাস্তায় বসে পড়েন। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সেনা কর্তৃপক্ষ গতিরোধক বসানো শুরু করলে এলাকাবাসী রাস্তা থেকে সরে যান।