কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সানের সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে কালের কণ্ঠ-এর ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক এন আই মাহমুদ এ মামলা করেন। মহানগর হাকিম কেশব রায়চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত মানহানির অভিযোগ আমলে নিয়ে ইমদাদুল হক মিলনসহ তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। অন্য দুজন হলেন: ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন ও বাংলাদেশ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক নঈম নিজাম। মামলার আরজিতে বলা হয়, বাদী-প্রতিষ্ঠান সরকারের নিয়ম মেনে জমি কিনে নগদে ও কিস্তিতে প্লট বিক্রি করে আসছে। আসামিরা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে গত ২২ নভেম্বর ‘কেবল জামিন জালিয়াতি নয়, ১০ কোটি টাকার ভুয়া এফডিআর দেখিয়ে ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে ফেঁসে গেছেন আশিয়ান হোমস লিমিটেডের ব্যবস্থাপক নজরুল ইসলাম ভূঁইয়া’ শিরোনামসহ বিভিন্ন সংবাদ প্রকাশ করে, যা মানহানিকর। এ কারণে বাদী-প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।