
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারাকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে তাঁরই এক সহকর্মীর করা ৫৭ ধারার মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার করা মানববন্ধন থেকে এই দাবি করা হয়।
একই দিন দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সভায় মামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আইনের নামে কণ্ঠরোধ করা চলবে না’, ‘মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা চলবে না’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে একজন শিক্ষকের সঙ্গে প্রাতিষ্ঠানিক সমাধানের দিকে না হেঁটে অন্য একজন শিক্ষক কীভাবে মামলা করতে পারেন? ৫৭ ধারার আশ্রয় নিয়ে কাদা-ছোড়াছুড়ির মাধ্যমে মামলার বাদী নিজেকে ছোট করেছেন।
গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক যোগ দেন।
অধ্যাপক ফাহমিদুল হক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক। একই বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ তাঁর বিরুদ্ধে গত বুধবার শাহবাগ থানায় মামলাটি করেছেন। এর প্রতিবাদে শুক্রবার মানববন্ধন করেছিল ‘বাংলাদেশ লেখক ঐক্য’। এ ঘটনার তিন দিন আগেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে ৫৭ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছিলেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ বক্তৃতা করেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ কুমার কুণ্ডু প্রমুখ। মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন।