কায়েতটুলীর পানির পাম্প সংলগ্ন মাঠ রক্ষার দাবি
রাজধানীর কায়েতটুলীর পানির পাম্পসংলগ্ন মাঠটি রক্ষার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরা যেকোনো মূল্যে ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার সকালে ওই স্থানে পবা ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠিত গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। জমায়েতে বলা হয়, এ মাঠটিতে ওয়াসার কর্মচারীদের জন্য কলোনি নির্মাণের চেষ্টা চলছে। প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ সমাবেশে বলেন, মাঠ দখলের এই প্রতিযোগিতা চলতে থাকলে পুরান ঢাকা নয়, নতুন ঢাকার পরিবেশও মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে। তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে সামাজিক ও আইনগতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক শফি কামাল, কায়েতটুলী মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক মো. ফারুক প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।