কিংস কলেজ সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচা আবাসিক এলাকায় অবস্থিত কিংস কলেজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে কলেজটি অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। রাজধানীর ১১৫ সেগুনবাগিচা এলাকায় কলেজটি অবস্থিত। আবাসিক এলাকায় কলেজ প্রতিষ্ঠা না করার নির্দেশনা চেয়ে সোসাইটির সভাপতি এ কে এম জব্বার ফারুকসহ ১০ বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন। এতে বলা হয়, আবাসিক এলাকায় কলেজ চালু হলে যানজট তৈরি হবে এবং পরিবেশ দূষিত হবে। এতে এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হবে। রিটের প্রাথমিক শুনানির পর গত ১৯ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আজিজুল হক মামলা পরিচালনা করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।এ ব্যাপারে আজিজুল হক প্রথম আলোকে বলেন, আবাসিক এলাকায় কিংস কলেজ প্রতিষ্ঠা করা বেআইনি ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কলেজটি সরিয়ে নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ণ ও গণপূর্তসচিব এবং কিংস কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।