রাজধানীর সেগুনবাগিচা আবাসিক এলাকায় কিংস কলেজ নামে একটি প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকার ও কিংস কলেজ কর্তৃপক্ষকে আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। একই সঙ্গে ১৯ জুলাই রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। জানা যায়, রাজধানীর ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা সেগুনবাগিচায় কিংস কলেজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক শিক্ষাপ্রতিষ্ঠান না গড়ার দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে রাজউক, পুলিশ, স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্টরা ওই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। ইউসেপ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে ভবনটি ভাড়া দিয়েছে এবং সেই ভবনে গড়ে তোলা হয়েছে কিংস কলেজ। ওই কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য ২৪ মে ও ৪ জুন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে সোসাইটির সভাপতি এ কে এম জব্বার ফারুকসহ সোসাইটির ১০ জন বাসিন্দা হাইকোর্টে রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী আজিজুল হক মামলা পরিচালনা করেন।আজিজুল হক প্রথম আলোকে বলেন, সেগুনবাগিচা আবাসিক এলাকা। এখানে কলেজ চালু হলে যানজট তৈরি হবে। এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হবে। আবাসিক এলাকায় কলেজ প্রতিষ্ঠা ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর লঙ্ঘন। এ জন্য শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।সেগুনবাগিচা এলাকার বাসিন্দা ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, রাজউক ১১৫ সেগুনবাগিচা আবাসিক এলাকায় কলেজ স্থাপন না করতে ঢাকা জেলা প্রশাসকের শিক্ষা বিভাগ এবং উপপুলিশ কমিশনারকে (ট্রাফিক) চিঠি দিলেও এখনো পর্যন্ত ইউসেফ ভবনে অবস্থিত কিংস কলেজের সাইনবোর্ড ও ভর্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।