কিংস কলেজের সাইনবোর্ড ঢেকে ইউসেপ ভবনের উদ্বোধন
এলাকাবাসীর প্রতিবাদের মুখে কিংস কলেজের সাইনবোর্ড ঢেকে দিয়ে সেগুনবাগিচায় ইউসেফ ভবন উদ্বোধন করা হয়েছে। সেগুনবাগিচায় ইউসেপ ভবনে পিছিয়ে পড়া শিশুদের স্কুল উঠিয়ে দিয়ে বহুতল ভবন নির্মাণ ও সেখানে কিংস কলেজকে ফ্লোর ভাড়া দেওয়ায় ওই এলাকার মানুষ প্রতিবাদ করছিল।গতকাল বুধবার ইউসেপ ভবন উদ্বোধনের সময় প্রতিবাদ জানাতে সেগুনবাগিচা সোসাইটির ব্যানারে এলাকার কয়েক শ মানুষ রাস্তায় শান্তিপূর্ণ জমায়েত করে। সেগুনবাগিচা সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউসেপ ভবন কিংস কলেজকে ভাড়া দিলে এলাকায় যানজট ও শব্দদূষণ হবে। আবাসিক এলাকাটি তার সৌন্দর্য হারাবে। সে কারণে প্রায় দেড় মাস ধরে তারা এই সিদ্ধান্তের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে আসছিল। সেগুনবাগিচা সোসাইটির অন্যতম সদস্য রুহিন হোসেন জানান, ইউসেপ ভবনটির উদ্বোধন উপলক্ষে ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ভবনটি উদ্বোধন করেন। সোসাইটির পক্ষ থেকে ভবনটি সম্পর্কে জানানো হলে তিনি তাঁদের দাবির প্রতি সহমর্মিতা দেখান। উপদেষ্টার সঙ্গে আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে এবং কিংস কলেজের ব্যানারটি ঢেকে দেওয়ায় সেগুনবাগিচা সোসাইটি কর্মসূচি পালন থেকে পিছিয়ে আসে। এ বিষয়ে ইউসেপের চেয়ারম্যান ওবায়দুর রব বলেন, এলাকাবাসীর অসুবিধা করে ইউসেপ কিছু করবে না।