সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক
কিছু ক্ষেত্রে সরকার পিছিয়ে থাকলেও স্বাস্থ্য খাতে অগ্রগতি অনেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, কিছু ক্ষেত্রে সরকার এখনো পিছিয়ে থাকলেও গত দুই বছরে স্বাস্থ্য খাতে অনেক অগ্রগতি হয়েছে। চারদলীয় জোট সরকারের সময়কার অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে সরকারের কিছুটা সময় লাগছে। গতকাল বুধবার হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘স্বাস্থ্য খাতে মহাজোট সরকারের দুই বছরের মূল্যায়ন’ শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার তৃণমূল মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। কিন্তু হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারকে স্বাস্থ্য ব্যবস্থায় সম্পৃক্ত করতে হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা না গেলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না। রুহুল হক বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় স্বাস্থ্যনীতি সংসদে উত্থাপন করা হবে।সেমিনারের শুরুতে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্বাস্থ্যসেবায় দিনবদলের গর্বিত দুই বছর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি শিশু ও মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কমিউনিটি ক্লিনিক, মেডিকেল শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সরকার গত দুই বছরে কী করেছে, তা বর্ণনা করেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সর্বশেষ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকার করা হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্য খাতে ভালো করছে।স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি রশীদ-ই-মাহবুব স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বেসরকারি খাতে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্সের সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, মহাসচিব জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, সাংবাদিকেরা সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন।