শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭০টি হলেও কিছু বিশ্ববিদ্যালয় এখনো ন্যূনতম মান অর্জন করতে পারেনি। তবে কিছু বিশ্ববিদ্যালয় সফল হয়েছে।গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সমাবর্তন বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ যারা এখান থেকে সনদ নিয়ে যাচ্ছে, তাদের বুঝতে হবে যে তারা সৌভাগ্যবান। আমাদের মতো দেশে উচ্চশিক্ষার দ্বার অতিক্রম করে যাওয়ার সুযোগ সবার হয় না। এই সৌভাগ্যের জন্য তাদের ঋণ তাদের পরিবারের কাছে, শিক্ষকদের কাছে, দেশের কাছে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সফিকুল হক চৌধুরী প্রমুখ। সমাবর্তনে ৯০০ শিক্ষার্থী অংশ নেন।