রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড ময়দানে কুচকাওয়াজ চলাকালে আজ রোববার সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত ময়দানের আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। তবে এসব সড়কে শুধু স্টিকারযুক্ত যানবাহন চলবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় প্যারেড ময়দানের আশপাশের কয়েকটি সড়কে শুধু স্টিকারযুক্ত যানবাহন চলাচল করবে। এর মধ্যে আছে সংসদ ভবনসংলগ্ন খেজুরবাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং হয়ে বেগম রোকেয়া সরণির মিরপুর-১০ নম্বর গোলচত্বর, শ্যামলীর শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং হয়ে বেগম রোকেয়া সরণি পর্যন্ত। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক হয়ে আগারগাঁও ক্রসিং, বিজয় সরণি ক্রসিং থেকে ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে থেকে পরিকল্পনা কমিশন হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ক্রসিং পর্যন্ত সড়ক।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড ময়দানে কুচকাওয়াজ চলার সময় আমন্ত্রিত অতিথিদের যানবাহনের সুষ্ঠু চলাচল নিয়ন্ত্রণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টিকার ছাড়া অন্য সব যানবাহন উল্লিখিত সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে আজ বিজয় দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাবেন। এ কারণে আজ রোববার ভোর চারটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত গাবতলী-আমিন বাজার সেতু-সাভার সড়কে বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ি চলাচল বন্ধ থাকবে। এসব যানবাহনকে বিমানবন্দর সড়ক-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনকে নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় ঢুকতে বলা হচ্ছে। এ ছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনকে কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় ঢোকার পরামর্শ দেওয়া হচ্ছে।