কিডনি ইনস্টিটিউটে ভাঙচুর, মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় কিডনি ইনস্টিটিউটে (ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি) চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনেরা। তাদের হামলায় চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কয়েকজন কর্মী আহত হন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর গতকাল সোমবার সকালে কিছু সময়ের জন্য হাসপাতালে চিকিৎসা বিঘ্নিত হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে চিকিৎসক ও সেবিকারা কাজে ফেরেন। শেরেবাংলা নগর থানায় এ ঘটনায় মামলা করেছেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন। মামলায় মৃত ব্যক্তির ১৫-২০ জন স্বজনকে আসামি করা হয়েছে বলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানিয়েছেন।কিডনি ইনস্টিটিউটের চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে মোহাম্মদপুরের জহুরী মহল্লার বাসিন্দা রফিকুল ইসলামকে (৬১) মুমূর্ষু অবস্থায় ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। রাত আটটার দিকে তাঁর ডায়ালাইসিস শুরুর দুই ঘণ্টা পর তিনি মারা যান। বিষয়টি রোগীর স্বজনদের জানানো হয়। এর কিছুক্ষণ পর ১৫-২০ জন লোক লাঠিসোঁটা নিয়ে কর্তব্যরত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও টেকনিশিয়ানদের ওপর হামলা চালায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির সময়ই ওই রোগীর দুটি কিডনি অকেজো ছিল। তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপও ছিল। ডায়ালাইসিস মেশিন নষ্ট থাকার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা।