কিডনি প্রতিস্থাপন বন্ধ রেখে অপরাধ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেছেন, দেশে কিডনি প্রতিস্থাপন বন্ধ রেখে অপরাধ করা হয়েছে।কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন আর রশিদ বলেছেন, ব্যবসার সঙ্গে নিজেদের নাম জড়িত হওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছু চিকিৎসক কিডনি প্রতিস্থাপন করছেন না।গত বুধবার কিডনি ফাউন্ডেশনের সপ্তম জাতীয় কনভেনশন ও বৈজ্ঞানিক সম্মেলনের পৃথক দুটি অধিবেশনে এ কে আজাদ খান ও হারুন আর রশিদ এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে এ কে আজাদ খান বলেন, সরকার কিডনি প্রতিস্থাপন বন্ধ করতে বলেনি। কিডনি প্রতিস্থাপন বন্ধ রেখে অপরাধ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি ডাক্তার বন্ধুদের অনুরোধ করব, আপনারা ট্রান্সপ্লান্ট (প্রতিস্থাপন) চালু করেন।’হারুন আর রশিদ বলেন, কিডনি ব্যবসার যে অভিযোগ উঠেছে তাতে অর্থের সংশ্লিষ্টতার সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক নেই, মধ্যস্বত্বভোগীদের থাকতে পারে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘আপনার নিকটাত্মীয়কে কিডনি দান করুন ও রোগীদের জীবন বাঁচান।’ সম্মেলনে একাধিক আলোচক মৃত্যুর পর আত্মীয়-অনাত্মীয় সবাইকে কিডনি দানে উৎসাহিত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, দেশে অস্ত্রোপচার-পরবর্তী সেবার (পোস্ট অপারেটিভ কেয়ার) মান সন্তোষজনক নয়। মৃত্যু-পরবর্তী কিডনি দানের ব্যাপারে দেশে আন্দোলন গড়ে তোলা দরকার।পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সেবা খাতে সরকারি-বেসরকারি অংশীদারির ব্যবস্থা করেছে। সম্মেলনের একাধিক অধিবেশনে অঙ্গ প্রতিস্থাপন আইন ও নীতিগত বিষয়, মৃত ব্যক্তির কিডনি সংগ্রহ, অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।