কিডনি ফাউন্ডেশন পেল আন্তর্জাতিক পুরস্কার
আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশের কিডনি ফাউন্ডেশন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন (আইএফকেএফ) সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে কিডনি ফাউন্ডেশনকে দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচন করে। প্রথম পুরস্কার পেয়েছে নিউজিল্যান্ড।এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কানাডার ভ্যানকুভারে আইএফকেএফের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় কিডনি রোগের চিকিৎসক-গবেষকদের নিয়ে ওয়ার্ল্ড কংগ্রেস অব নেফ্রোলজির (ডব্লিউসিএন) ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ৬৫টি দেশ তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরে। কিডনি ফাউন্ডেশনের পক্ষে সভাপতি অধ্যাপক এম হারুন আর রশিদ ফাউন্ডেশনের গত আট বছরের কার্যক্রম তুলে ধরেন। মূল্যায়ন কমিটি বাংলাদেশের কিডনি ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে দ্বিতীয় পুরস্কারের জন্য বিবেচনা করে। এতে যৌথভাবে দ্বিতীয় হয় তুরস্ক। আইএফকেএফের সভাপতি মিগেল রিয়েলা ও প্রতিষ্ঠাতা সভাপতি জোয়েল কপল কিডনি ফাউন্ডেশনের সভাপতির হাতে পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।