কিশোর অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার এক কিশোরকে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেমঘটিত বিষয়ে মাসুদ পারভেজ (১৭) নামের ওই কিশোরকে অপহরণ করেছেন তাদেরই সাবেক বাড়িওয়ালা।সংবাদ সম্মেলনে মাসুদ পারভেজের বাবা বারডেম হাসপাতালের গাড়িচালক বাবুল মোল্লা বলেন, মাসুদ এলিফ্যান্ট রোডের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে কাজ করত। গত ২২ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে। ২৭ জানুয়ারি তার কাছে ফোন করে শফি মোল্লা নামের এক ব্যক্তি বলেন, সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় মাসুদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর তিনি অ্যাম্বুলেন্সসহ সাতক্ষীরায় যান। এ সময় শফি মোল্লার কাছে ফোন করা হলে তিনি ৬০ হাজার টাকা দাবি করেন। পরে একটি কুরিয়ারের মাধ্যমে ছয় হাজার টাকা পাঠানো হয়।বিষয়টি র্যাবকে জানালে খুলনার র্যাব-৬ সৈয়দ ইসমাইল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে তাঁকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়। ইসমাইল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কাফরুল থানার ওসি আবদুল লতিফ বলেন, ইসমাইলের স্বীকারোক্তি অনুযায়ী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।