কিশোর বয়সীদের দিকে নজর না দিলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর-কিশোরীদের দিকে যথাযথ নজর না দিলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বাধা হয়ে দাঁড়াবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত ‘কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার শিক্ষা: বিদ্যমান পরিস্থিতি এবং চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন।নগরের সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচকেরা কিশোর-কিশোরীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। তাঁরা বলেন, অভিভাবকদের উচিত এই বয়সী সন্তানদের মনের সব ভীতি দূর করে দেওয়া। শুধু আলোচনা অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে কথাগুলো যেন পরিবার ও সমাজে সবাই মেনে চলে, তা নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে দেশের কিশোর-কিশোরীদের অধিকার এবং চ্যালেঞ্জের বিষয়ে মূল বক্তব্য পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা গফুর।আলোচনায় পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন নবী বলেন, কিশোর-কিশোরীরা না শিশু, না বড়। এই সময়ে দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। অভিভাবকদের সঙ্গে যথাযথ যোগাযোগের অভাবে তৈরি হয় দূরত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানেও এই বয়সটাকে গুরুত্ব দেওয়া হয় না। এই বয়সীরা সমবয়সী বন্ধুদের কাছে আশ্রয় খোঁজে। ওই বন্ধুদের কাছেও সঠিক তথ্য থাকে না। ফলে তারা ভুল করে, বিপথে যায়। অভিভাবকদের এই বয়সী সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে।দেশে বাল্যবিবাহের সমস্যাটি এখনো প্রকট বলে উল্লেখ করেন এ কে এম নূর-উন নবী। তিনি বলেন, বাল্যবিবাহের কারণে কিশোরী মা ও সন্তানের মৃত্যুঝুঁকি বাড়ে। বাল্যবিবাহ আইনটির মধ্যেও ফাঁক আছে মন্তব্য করে তা সংশোধনের তাগিদ দেন অধ্যাপক নূর-উন নবী।অনুষ্ঠানে জানানো হয়, কিশোর-কিশোরীদের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে এখনো কোনো আলোচনা হয়নি। এ কথাটি উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ এবং জন্মনিবন্ধন কার্যক্রমকে কার্যকর করার ওপর গুরুত্ব দেন।ইউএনএইডসের বিশেষজ্ঞ সায়মা খান কিশোর বয়সীদের সঙ্গে অভিভাবকের আদর্শ আচরণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কিশোর বয়সী সন্তান যদি বুঝতে পারে বাবা-মা তাকে সম্মান করছেন, তবে সে সহজে বিপথে যাবে না। সায়মা খান জানান, তাঁর সন্তান ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই তিনি তার সঙ্গে এইচআইভি ও এইডস এবং প্রাথমিক যৌন বিষয়ে কথা বলেছেন।শিক্ষক আন্দোলনের নেতা নূর মোহাম্মদ তালুকদার অভিমত দেন কিশোর-কিশোরীদের সঙ্গে আচরণ কেমন হবে, তার জন্য শিক্ষক এবং অভিভাবকদেরও প্রশিক্ষণের প্রয়োজন।নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন পরিচালক ওমর তারেক চৌধুরী। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরিন।