কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার বখাটে গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে এক কিশোরী পোশাকশ্রমিককে গণধর্ষণের তিন দিন পর রোববার সন্ধ্যায় চার ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাবের গোয়েন্দারা। খিলগাঁও মাটির মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া বখাটেরা ধর্ষণ করার কথা স্বীকার করেছে। র্যাব সূত্র জানায়, শুক্রবার রাতে তৈরি পোশাক কারখানার এক কিশোরী শ্রমিক কাজ শেষে বাসায় ফিরছিল। চার বখাটে খিলগাঁওয়ের মাটির মসজিদ এলাকায় তার পথ রোধ করে। তারা কিশোরীর মুখ বেঁধে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে কারও কাছে অভিযোগ করলে কিশোরীকে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষকেরা। রোববার সন্ধ্যায় র্যাবের পরামর্শে স্থানীয় লোকজন মাটির মসজিদ এলাকায় এক সালিসের আয়োজন করে। সেখানে ধর্ষক ও ধর্ষণের শিকার মেয়েটিকেও হাজির করা হয়। এ সময় র্যাবের গোয়েন্দারা ধর্ষক সাগর (২২), আনিস (২২), শাহজালাল (২৬) ও উজ্জ্বলকে (২২) গ্রেপ্তার করে। ধর্ষক আনিস ১৩০/বি চৌধুরীপাড়ার মাটির মসজিদের কাছে ভাড়া থাকে। তার বাবার নাম আবদুল মান্নান তালুকদার। ধর্ষক সাগরের বাবার নাম তৈয়ব আলী। সে খিলগাঁও বি-ব্লকে থাকে। শাহজালাল ১৮৬/বি খিলগাঁও চৌধুরীপাড়ায় থাকে। তার বাবার নাম আলী আকবর। উজ্জ্বলের বাবা শেখ শামসুল হক। তার বাসা ২৫২/বি খিলগাঁও চৌধুরীপাড়া। ঘটনা তদন্তকারী র্যাব ৩-এর কর্মকর্তা মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধর্ষকদের হুমকির ভয়ে নির্যাতিতা কিশোরীর পরিবার মামলা করতে সাহস পায়নি। ধর্ষকদের ভয়ে মেয়েটি দুই দিন নিজ বাসায় না ফিরে স্থানীয় এক ব্যক্তির বাসায় আশ্রয় নেয়। ওই ব্যক্তি শনিবার দুপুরে র্যাবকে ফোন করে বিষয়টি জানান। র্যাবের পরামর্শে স্থানীয় লোকজন সাজানো সালিসির আয়োজন করে। সেখানে র্যাবের গোয়েন্দারা আগেই অবস্থান নিয়েছিলেন।