কিশোরীদের বেড়ে ওঠায় চাই আরও মনোযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্যাশিশু দিবস ২০১৫ উপলক্ষে গতকাল ইউএনএফপিএ-প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (ডানে) l প্রথম আলো
কন্যাশিশু দিবস ২০১৫ উপলক্ষে গতকাল ইউএনএফপিএ-প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (ডানে) l প্রথম আলো

দেশ এগিয়েছে। কিন্তু সে তুলনায় দেশের কিশোরীরা পিছিয়ে আছে। কিশোরীদের এগিয়ে নিতে প্রজনন স্বাস্থ্যসহ তাদের বিভিন্ন বিষয়কে অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। ২০১৫ পরবর্তী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কিশোরীদের বাদ দিয়ে তা অর্জন সম্ভব হবে না। তাই কিশোরীদের বেড়ে ওঠায় আরও মনোযোগ চাই।
গতকাল শনিবার প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল আয়োজিত ‘কিশোরী শক্তি ও সক্ষমতা: রূপকল্প ২০৩০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে কন্যাশিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা দেশে কিশোরীদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। কিশোরীদের দিকে নজর বাড়িয়ে তাদের যোগ্য করে গড়ে তুলে ২০৩০ সাল নাগাদ আরও উন্নত এক বাংলাদেশ গড়ার স্বপ্নের কথাও বলেন তাঁরা। বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী স্কুলে গিয়ে একটু পরপর উসখুস করছিল। একসময় সে অজ্ঞান হয়ে মারা গেল। পোস্টমর্টেম করার পর কিশোরীর জরায়ুতে দুটি সাপের বাচ্চা পাওয়া যায়। ঘটনাটি ঘটে ২০০৯ সালে। যশোরের ঝিকরগাছার ওই কিশোরীর মাসিক হয়েছিল। ও মাসিকের পুরোনো কাপড় শুকাতে দিয়েছিল কোনো স্যাঁতসেঁতে জায়গায়। সেখান থেকেই হয়তো সাপের বাচ্চা দুটো কাপড়ে লাগে। কিন্তু স্কুলে গিয়ে অস্বস্তি হলেও কাউকে বলতে পারেনি সে কথা। গোলটেবিল বৈঠকে কিশোরীর এ ঘটনা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্কুল হেলথ প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক শফিউর রহমান। তিনি জানান, ২০১১ সালের আগ পর্যন্ত সরকারের কার্যক্রমে কিশোরীদের স্বাস্থ্যের বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি। বর্তমানে স্কুল হেলথ প্রোগ্রামের সঙ্গে অ্যাডোলেসেন্ট বা কিশোরী-কিশোরীদের বিষয়টি যোগ হওয়ায় তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করা সম্ভব হচ্ছে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি তিন থেকে চার মাস আগে মেহেরপুরের ঘটনা উল্লেখ করে জানালেন, এক মেয়ের মাসিকের কাপড়ের মধ্যে জোঁক পাওয়া যায়। প্রচুর রক্তক্ষরণ হলেও মেয়েটি বেঁচে যায়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। কিশোরীদের ক্ষেত্রে বাল্যবিয়ে একটি বড় চ্যালেঞ্জ। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষকেরাও ক্লাসে পড়াতে চান না। কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে “পিয়ার গ্রুপ” বা সমবয়সীদের মাধ্যমেই যাতে সচেতনতা তৈরি করা যায়, এ বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।’

প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল আয়োজিত ‘কিশোরী শক্তি ও সক্ষমতা: রূপকল্প ২০৩০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l ছবি: প্রথম আলো
প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল আয়োজিত ‘কিশোরী শক্তি ও সক্ষমতা: রূপকল্প ২০৩০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l ছবি: প্রথম আলো

প্রতিমন্ত্রী বলেন, সন্তানের শিক্ষা, পুষ্টিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সময় ছেলেসন্তান প্রাধান্য পায়। মেয়ের পুষ্টি দরকার, ভবিষ্যতে সে সন্তান জন্ম দেবে, তা নিয়ে চিন্তা করা হয় না।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রতি পদে বাধা থাকায় বাংলাদেশে কিশোরীদের কৈশোর বলে কিছু আছে কি না, তাই নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘কন্যা’শিশু কথাটির মধ্যেই একধরনের নেতিবাচক ভাব আছে। বিয়ের কনে মনে হয়। তাই কন্যাশিশু না বলে মেয়েশিশু বলতে হবে। সরকারের বিভিন্ন কর্মসূচিতে মেয়েশিশুই বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন এনজিও শিশু-কিশোরীদের নিয়ে যে কাজগুলো করছে, তার মধ্য থেকে ইতিবাচক কাজগুলোকে সরকার যাতে মূলধারার কাজে সম্পৃক্ত করে, সে সুপারিশও করেন তিনি।
বৈঠকে দেশের কিশোরীদের সার্বিক অবস্থা তুলে ধরেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (ইয়ুথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট) মোহাম্মদ মুনির হোসেন। তিনি বলেন, কিশোরীদের একটি বড় অংশই যদি বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে মাতৃত্বের কারণে হারিয়ে যায়, তাহলে দেশের উন্নয়ন মাত্রা ব্যাহত হবে এবং রূপকল্প ২০৩০ অর্জনের বিষয়টিও কঠিন হয়ে পড়বে।
অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেন, দেশের ১০ লাখ পথশিশুর কোনো অভিভাবক নেই। এই শিশুদের জন্য শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক আবদুল্লা আল মামুন বলেন, একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই জানতে চান, আপনার ছেলে কী করে, আপনার মেয়ের বিয়ে হয়েছে? অর্থাৎ মেয়েদের বিয়েই হলো গন্তব্য। বিয়ে শুধু গন্তব্য না হয়ে মেয়ে কী করে, এ ধরনের প্রশ্ন করার মনমানসিকতা তৈরি করতে হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক শিমুল কলি হোসেন বলেন, কিশোর-কিশোরীরা সেবাকেন্দ্রে গিয়ে কথা বলতে লজ্জা পায়। সেবাপ্রদানকারীরাও অনেক সময় তাদের গুরুত্ব দেন না বা ভালো ব্যবহার করেন না। এসব দিক বিবেচনায় সরকার ১৩টি জেলায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলেছে।
বাংলাদেশ শিশু একাডেমীর গ্রন্থাগার বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা আখতার বলেন, শিশুদের জন্য কিছু করা মানেই বিনিয়োগ করা। ৫ বা ১০ বছর পর সে বিনিয়োগের ফল পাওয়া যায়।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন বলেন, বিভিন্ন মন্ত্রণালয় শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে সেগুলো সমন্বয় করতে হবে। সরকারের বিভিন্ন আইন ও নীতি বাস্তবায়নে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ করতে হবে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি জানালেন, ফোরামের পক্ষ থেকে নওগাঁ, মেহেরপুর ও রংপুরে ৩২০টি স্কুলে মেয়েদের জন্য নিরাপদ স্কুল শীর্ষক একটি কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিতে স্কুলের একজন নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীরা সমস্যার কথা বলতে পারছে। মেয়েদের জন্য আলাদা টয়লেট এবং মাসিকের ন্যাপকিন ফেলার জায়গা করা হয়েছে। স্কুল থেকে মেয়েরা যাতে ঝরে না যায়, সে ধরনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবক এবং এলাকার ছেলেমেয়েদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে।
অভিনয়শিল্পী দীপা খন্দকার বলেন, পুত্রশিশুদের শেখাতে হবে, তারা কীভাবে মেয়ে বা কন্যাশিশুর সঙ্গে আচরণ করবে। মেয়েদের মাসিক শুরু হলে বাবা বা ভাই কেন তা জানতে পারবে না? এসব ক্ষেত্রে মনমানসিকতার পরিবর্তন জরুরি।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বাবাটুন্ডে অসোটিমেহিন ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। গতকাল গোলটেবিল বৈঠকে তাঁর ওই বাণী পড়ে শোনান সংস্থাটির যোগাযোগ কর্মকর্তা আসমা আক্তার।