কিশোরীর আপত্তিকর ছবি ইন্টারনেটে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা করে স্কুলছাত্রীকে ধর্ষণ ও তার ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে আতিকুল ইসলাম ইমন (১৮) নামের এক তরুণকে শিল্পাঞ্চল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ইমন মহাখালী বাস টার্মিনালের শ্রমিকনেতা আব্দুস সালাম মমিনের ছেলে। শুক্রবার রাতে তেজগাঁওয়ের রসুলবাগের বাসা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল এক মেয়ের মা তেজগাঁও থানায় ইমন ও তার বন্ধু মশিউর রহমান মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত শুক্রবার রাতে ইমনকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, গত বছরের নভেম্বর মাসে ইমন মেয়েটিকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করে। এরপর ভিডিওটি দেখিয়ে সে মেয়েটিকে ব্ল্যাকমেইল করতে থাকে। একপর্যায়ে সে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়।তদন্ত কর্মকর্তা আরও জানান, শনিবার ঢাকার একটি আদালত ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে ইমন দাবি করেছে মেয়েটির সঙ্গে তার প্রণয় ছিল। সেই সুবাদেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। তবে তার বন্ধুরা ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছেড়ে দিয়েছে বলে সে জানায়। ইমন স্টামফোর্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। আর মেয়েটি ঢাকার একটি ভালো স্কুলের নবম শ্রেণীর মানবিক শাখার ছাত্রী বলে পুলিশ জানিয়েছে।