কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবি পবার
জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য উৎপাদনে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল সোমবার পবা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অসচেতন কৃষক, অতি মুনাফালোভী মজুতদার, পাইকারি ও খুচরা বিক্রেতারা খাদ্যে রাসায়নিক দ্রব্য যেমন—ডিডিটি, কীটনাশক, কাপড়ের রং, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, ইথোফেন প্রভৃতি ব্যবহার করছে। কৃষিজাত পণ্যে কীটনাশক, মিষ্টিতে কাপড়ের রং ব্যবহার হচ্ছে। শুঁটকি মাছ সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে ডিডিটি ও হেপ্টাক্লোর। সম্প্রতি খাদ্যনিরাপত্তা গবেষণাগারে ৮২টি খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এতে গড়ে ৪০ শতাংশ খাদ্যে মানবদেহের জন্য সহনীয় মাত্রার চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি নিষিদ্ধ ডিডিটি, অ্যালড্রিন, ক্লোরডেন, হেপ্টাক্লোর ও অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া গেছে। ৩৫ শতাংশ ফল ও ৫০ শতাংশ শাকসবজির নমুনাতে বিষাক্ত কীটনাশক পাওয়া গেছে।
পবা জানায়, ঢাকায় দেশি-বিদেশি ফলে ফরমালিনের অবস্থা নির্ণয়ের জন্য তারা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ১০ জুন ও ৫ জুলাই পর্যন্ত আম, জাম, লিচু, আপেল, আঙুর, মালটা, কলা, পেয়ারা, আনারস, জামরুল, শসা ও খেজুরের ৬১টি নমুনা সংগ্রহ করেন। এসব ফল পবা কার্যালয়ে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ শতাংশ নমুনায় ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে।
সংবাদ সম্মেলন থেকে পবা সুপারিশ করেছে, সময়োপযোগী কীটনাশক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করতে হবে। ফরমালিন নিয়ন্ত্রণ আইন ও নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করতে হবে। দেশের বিদ্যমান গবেষণাগারগুলোর সক্ষমতা অনুসারে সেগুলোতে খাদ্যে রাসায়নিক দ্রব্য, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড প্রভৃতি পরীক্ষার নির্দেশনা দিতে হবে এবং একটি আধুনিক গবেষণাগার স্থাপন করতে হবে। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বাজার মনিটরিং-ব্যবস্থা জোরদার করতে হবে।
পবা চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। আরও উপস্থিত ছিলেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ, হাসান তারিক চৌধুরী, সহসম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।