কুপিয়ে জখম করার অভিযোগে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে ছাত্রলীগের নাজমুল হাসান ওরফে সোহাগ নামের এক কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই ঘটনার পর বিকেলেই সোহাগকে বহিষ্কার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে ১১টার দিকে বিজ্ঞান অনুষদ চত্বরে ছাত্রলীগের আরিফ পক্ষের কর্মী কানন সিদ্দিকের ওপর হামলা চালান প্রতিপক্ষ সোহাগসহ কয়েকজন। এ সময় সোহাগের কর্মীরা চাপাতি দিয়ে কাননের মাথার পেছনের দিকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জানান, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের বাসে সিটে বসা নিয়ে কাননের সঙ্গে সোহাগের কর্মীদের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গতকালের ঘটনা ঘটতে পারে। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য খন্দকার আরিফুজ্জামান বলেন, নারী উন্নয়ন বিষয়ে এক সেমিনারে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী গতকাল ক্যাম্পাসে আসেন। এটি বানচাল করতেই একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে সোহাগকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।