কুলাতে পারছে না ক্রেতার পকেট

ভোজ্যতেল, ডিম, আদা, রসুন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম মানুষকে ভোগাচ্ছে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রায়হান তিনটি দোকানে ঘুরলেন, যদি আধা কেজি পেঁয়াজের দাম অন্তত পাঁচ টাকা কমে পাওয়া যায়। লাভ হয়নি। ৯০ টাকা দরেই তাঁকে পেঁয়াজ কিনতে হলো।

ক্ষুদ্র ব্যবসায়ী রায়হানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাজধানীর জিগাতলা কাঁচাবাজারে কথা হয়। তিনি জানান, সবজির দামও চড়া। আগে মোটামুটি ৩০০ টাকার সবজি কিনলেই পুরো সপ্তাহ চলে যেত। এখন দাম বাড়লেও তিনি ব্যয় বাড়াতে পারেননি। তাই দুই পদের বদলে এক পদ দিয়েই দিন চালান।

পেঁয়াজ-সবজির বাইরে বাজারে এখন চালের দাম চড়া। আলু সাধারণের নাগালের বাইরে। সঙ্গে ভোজ্যতেল, ডিম, আদা, রসুন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম মানুষকে ভোগাচ্ছে।

বাজারে ৫০ টাকা কেজির নিচে সবজি নেই বললেই চলে। গতকাল হাতিরপুল বাজারে দেখা যায়, করলা ১০০ এবং ঢ্যাঁড়স, লাউ, কাঁকরোল ও কচুর মুখি ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন ও চিচিঙ্গার দাম প্রতি কেজি ৮০ টাকা। কমের মধ্যেও পটোল ৬০ ও কাঁচা পেঁপে ৫০ টাকা। কাঁচা মরিচের দাম আরও বেশি। বাজার ভেদে ২২০ থেকে ২৪০ টাকা কেজি। টমেটো প্রতি কেজি ১১০ ও শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়।

হাতিরপুল বাজারে সবজি কিনছিলেন আতিয়া সাইদ। বলেন, ‘দাম এত বেশি যে এখন পরিমাণ কমাতে হয়েছে। ঢ্যাঁড়স কখনো এক কেজির কম কিনতাম না। আজ (গতকাল) আধা কেজি কিনেছি।’

নতুন করে চালের দাম আরেক দফা বেড়েছে। বাজারে ভালো মানের মোটা চালের কেজিতে দর উঠেছে ৫০ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবেই দর ৪৮ থেকে ৫০ টাকা, যা এক সপ্তাহ আগেও ৪৪ থেকে ৫০ টাকা ছিল। এর মানে হলো মোটা চালের ন্যূনতম দরে কেজিপ্রতি চার টাকা বেড়েছে।

২০১৭ সালে হাওরে আগাম বন্যায় ফসল নষ্ট হয়ে উৎপাদন কম হওয়ার পর মোটা চালের দাম প্রতি কেজি ৫০ টাকায় উঠেছিল। ব্যবসায়ীরা বলছেন, এ বছর বাজারে মোটা চাল নেই। কারণ, বেশির ভাগ মোটা চাল সরকারের গুদাম ও ত্রাণে চলে গেছে। বাজারে সরু ও মাঝারি চালের দামও কেজিপ্রতি দুই টাকা বেড়েছে বলে উল্লেখ করেছে টিসিবি।

টিসিবি বলছে, বাজারে আলুর কেজি ৩৮ থেকে ৪৫ টাকা, যা গত বছরের এ সময়ের তুলনায় ৮৪ শতাংশ বেশি। তবে খুচরা দোকানে আলু ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।

আর কিছু না থাকলে দুটো আলুর ভর্তা আর ডাল দিয়ে সকালে ভাত খেয়ে কাজে বের হন নির্মাণশ্রমিক আমেনা বেগম। কিন্তু সেই আলুও কেনার উপায় নেই। আমেনা বলেন, এখন দৈনিক মজুরির অর্ধেক দিয়ে এক দিন বাজার করলে দুদিন কোনোরকমে চলা যায়।

ডিমের দামও বেড়েছে। দুদিন আগেও ফার্মের মুরগির বাদামি ডিমের হালি ছিল ৩৫ থেকে ৩৮ টাকা। কিন্তু গতকাল বাজারে ডিম বিক্রি হয় ৪০ টাকা হালি দরে। প্রতি ডজনের (১২টি) দাম ১১৫ থেকে ১২০ টাকা চাচ্ছিলেন বিক্রেতারা। গত সপ্তাহে সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বেড়েছে।

পেঁয়াজের দাম নতুন করে বেড়েছে কেজিতে ১০ টাকা। দেশি কিং নামে পরিচিত পেঁয়াজ ৯০ এবং দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হয়। ভারতীয় পেঁয়াজের কেজি ১২০ টাকা। রসুন ৮০ থেকে ১০০ টাকা ও চীনা আদা ২৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।

অবশ্য মুরগি ও মাছের বাজার স্থিতিশীল। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকা, দেশি মুরগি ৪৫০ ও ফার্মের কক মুরগি প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে প্রতি কেজি রুই-কাতলা ২২০ থেকে ২৫০ টাকা, আইড় ৬০০, কাচকি ৫০০, পাঙাশ ৩৫০, চিংড়ি, শিং ৬৫০ এবং ইলিশ ৭৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, সরকারের হিসেবেই করোনাভাইরাসের কারণে মানুষের আয় ২০ শতাংশ কমেছে। তার মধ্যে বাজারে পণ্যের দাম বাড়ছেই। তিনি আরও বলেন, সবজির বাজার সেভাবে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু চাল, তেলসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আসা উচিত। সরকারের পদক্ষেপ নিতে হবে।