কুশীলবের ভূমিকায় দুই মন্ত্রী
গণপরিবহনে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের পেছনে গত মার্চ-এপ্রিলে সরকারের দুই মন্ত্রী কুশীলবের ভূমিকায় ছিলেন। এর মাধ্যমে তাঁরা সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন।
গতকাল শনিবার দুপুরে পুরানা পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশ যাত্রী অধিকার পরিষদ ও সিটিজেন রাইটস মুভমেন্টের মতবিনিময় সভায় এই অভিযোগ করা হয়। সংগঠন দুটির পক্ষে লিখিত বক্তব্য দেন যাত্রী অধিকার পরিষদের সভাপতি তুসার রেহমান। তবে লিখিত বক্তব্যে দুই মন্ত্রীর নাম বলা হয়নি।
সভায় লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতাসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কারণে পরিবহন খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। তাদের সহযোগিতায় একশ্রেণির পরিবহন মালিক ও শ্রমিক সড়ক পরিবহন খাতকে জিম্মি করে রেখেছেন। তাঁরা নগরীতে সিটিং সার্ভিস, গেটলক, সময় নিয়ন্ত্রণের নামে মানুষের কাছ থেকে মাত্রাতিরিক্ত বাসভাড়া আদায় করছেন। অথচ এর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কিছুই করছে না। এই নৈরাজ্য ঠেকাতে বিআরটিএ কার্যত ব্যর্থ হয়েছে।
‘যাত্রীবান্ধব গণপরিবহনের সংকট ও ভাড়া সন্ত্রাস রোধে উদ্বিগ্ন নাগরিকদের মতবিনিময় সভায় তুসার রেহমান বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত টানা চার দিন নগরীতে অভিযান চালায় বিআরটিএ। একে কেন্দ্র করে পরিবহনের সংকট তৈরি করেন একশ্রেণির বাসমালিক ও শ্রমিকেরা। এতে নাগরিকদের চরম দুর্ভোগ-দুর্দশায় পড়তে হয়। এর আগে মার্চে দুই দফায় কয়েক দিন ধর্মঘটের নামে মানুষকে জিম্মি করে রেখেছিলেন তাঁরা।
তুসার রেহমান বলেন, এই পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা না করে তাদের পরিকল্পিত অপকৌশলের কাছে আত্মসমর্পণ করেছে বিআরটিএ। এতে গণপরিবহনে গণনৈরাজ্য, ভাড়া-সন্ত্রাস, অরাজকতা ও বিশৃঙ্খলার স্থায়ী চিত্র আরও স্পষ্ট হয়েছে। বিআরটিএ একটি দুর্নীতিপরায়ণ ও অথর্ব কর্তৃপক্ষে পরিণত হয়েছে। এই অবস্থার মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘পরিবহনমালিকেরা যেই-সেই লোক নন, তাঁরা অনেকেই প্রভাবশালী ও ক্ষমতাবান।’ মন্ত্রীর এমন বক্তব্যে সহজেই বোঝা যায়, তিনি পরিবহনের মালিক-শ্রমিকদের কাছে আত্মসমর্পণ করেছেন।
সিটিজেন রাইটস মুভমেন্টের সভাপতি মেজর (অব.) মফিজুল হক সরকার বলেন, বর্তমান সরকার নানামুখী উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নও করছে। এর মধ্যে পরিবহন খাতও রয়েছে। কিন্তু গুটি কয়েক রাজনীতিক, একশ্রেণির সরকারি কর্মকর্তা এবং কিছুসংখ্যক মালিক ও শ্রমিকনেতার কারণে গণপরিবহন খাতে প্রত্যাশিত সাফল্য আসেনি। দিনে দিনে জনভোগান্তি বাড়ছে। এই ভোগান্তির বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে।
মফিজুল হক সরকারের সভাপতিত্বে এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দের সঞ্চালনায় সিটিজেন রাইটস মুভমেন্টের জ্যেষ্ঠ সহসভাপতি এনায়েতুর রহিম, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জিব বিশ্বাস, নদী রক্ষা শপথের আহ্বায়ক জসি সিকদার, যাত্রী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ প্রমুখ বক্তব্য দেন।