কুড়িল উড়ালসেতু চালু হচ্ছে আজ
আজ রোববার রাজধানীর কুড়িল উড়ালসেতু (ফ্লাইওভার) চালু হচ্ছে। এর ফলে এলাকায় যানজট তুলনামূলকভাবে কমে যাবে। একমুখী যান চলাচলের জন্য এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের ট্রাফিক নিয়ন্ত্রণ করাও সহজতর হবে। এটি ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সেতু হিসেবেও কাজ করবে।গতকাল শনিবার বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্যোগে কুড়িল উড়ালসেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।এ ছাড়া আজ পূর্বাচল সংযোগ সড়কে বালু নদীর ওপর নবনির্মিত সেতুরও উদ্বোধন করা হবে। দুটিরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্ধারিত বাজেটের কমে এই উড়ালসেতুর কাজ শেষ করা সম্ভব হয়েছে উল্লেখ করে বলেন, এটা আবারও প্রমাণিত হলো, লক্ষ্য সঠিক থাকলে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা হলে এ ধরনের বড় কাজ সম্পন্ন করা অবশ্যই সম্ভব।প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের সেতু বা আবাসন প্রকল্পের উন্নয়নের জন্য সরকারকে বাধা দেওয়া হয়, যা উচিত নয়। অনুষ্ঠানের সভাপতি পূর্তসচিব খোন্দকার শওকত হোসেন বলেন, হাতিরঝিল যেমন মহানগরের চেহারা বদলে দিয়েছিল, কুড়িল উড়ালসেতুও একইভাবে ঢাকার রূপ ও চেহারা বদলে দেবে। বিশেষ করে দুই পাশের লেক ও অন্যান্য উপকরণ যখন যোগ হবে।প্রসঙ্গত, উড়ালসেতুটির উদ্বোধন হলেও এর চারটি লুপের মধ্যে একটি, দুটি ফুটওভারব্রিজ ও লেকের শেষ পর্যায়ের কাজ এবং সৌন্দর্যকরণের কাজ এখনো বাকি রয়েছে। এগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে জানানো হয়।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা কুড়িল উড়ালসেতুর সারসংক্ষেপ উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিন কুড়িল আন্তসংযোগ পথে প্রায় দুই লাখ মোটরযান এবং কুড়িল লেভেল ক্রসিং দিয়ে ৯৮টিরও বেশি ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। ট্রেনগুলোর জন্য প্রতিদিন প্রায় আট ঘণ্টা কর্মঘণ্টা নষ্ট হতো। বিমানবন্দর সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে নির্মিত কুড়িল উড়ালসেতু পূর্বাচল নতুন শহর প্রকল্পের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করবে। এই সেতু দিয়ে নিরবচ্ছিন্নভাবে পূর্বাচল থেকে প্রগতি সরণি হয়ে রামপুরা, বনানী, নিকুঞ্জ এবং উত্তরা আবাসিক এলাকায় একমুখী যান চলাচল করবে।রাজউকের নিজস্ব অর্থায়নে ২০১০ সালে এই উড়ালসেতুর কাজ শুরু হয়। ৩০৩ কোটি টাকায় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ব্যয়ের হিসাব দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এতে সেতু নির্মাণ বাবদ ১৬৯ কোটি, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণে ৭৫ কোটি এবং সেবা খাতে ২৫ কোটি খরচ করা হয়।এ ছাড়া বালু সেতুর বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সালের জুলাইয়ে শুরু হওয়া ১০৮ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ হয়েছে ৩২ কোটি টাকা। চার লেনবিশিষ্ট এই সেতু চওড়ায় ১৮ মিটার। এখানে ৩৬৬ মিটারের একটি সংযোগ সড়ক রয়েছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহ, মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।