কুড়িলে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোডে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মারাজ হোসেন (২০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারাজ হোসেন বেসরকারি একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার দুপুরের দিকে কুড়িল বিশ্বরোড পার হওয়ার সময় দ্রুতগতির সিএনজিচালিত একটি অটোরিকশা মারাজ হোসেনকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক মারাজকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মারাজকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁর মৃত্যুর বিষয়টি খিলক্ষেত থানায় জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে মারাজের ভগ্নিপতি মামুন হোসেন প্রথম আলোকে বলেন, ১০-১২ দিন আগে উত্তরার একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি হয় মারাজের। দুর্ঘটনার সময় তিনি কুড়িলে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুঁটি ঝুড়িতে।