কুড়িলে সিএনজি স্টেশনসহ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল মঙ্গলবার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ঢাকা সিএনজি ফুয়েল অ্যান্ড ফিলিং কোম্পানি স্টেশনের অংশবিশেষ ভেঙে দিয়েছে। এ ছাড়া ওই এলাকার ২৫টি টিনশেড দোকানঘর ভাঙা হয়। অভিযানে এক প্লাটুন পুলিশ অংশ নেয়।পূর্বাচল উপশহর প্রকল্পে সংযোগ সড়ক এবং উড়ালসেতুর জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছে বলে রাজউক সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিএনজি ফিলিং স্টেশনটি সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদের মালিকানাধীন ছিল। গত বছরের এপ্রিল মাসে তিনি মো. মাহবুবুর রহমান ও মোস্তাফিজুর রহমান নামের দুজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, শুরুতে সিএনজি স্টেশন থাকলেও পরে এখানে জ্বালানি তেল বিক্রির অনুমতি নেওয়া হয়। তিনি বলেন, রেলের প্রায় এক বিঘা জায়গা রয়েছে এখানে। গত ২২ এপ্রিল সাত লাখ টাকা জমা দিয়ে ইজারা নবায়ন করা হয়। কুড়িল উড়ালসেতুর জন্য পুরো জায়গা প্রয়োজন হবে না বলে তাঁরা শুনেছেন। রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা প্রথম আলোকে জানান, উচ্ছেদের সময় ঘটনাস্থলে উপস্থিত ঢাকা সিএনজি ফুয়েলের চেয়ারম্যান জসীম উদ্দিন (ইমতিয়াজ আহম্মেদের ভগ্নিপতি) তাঁর কাছে সময় প্রার্থনা করেন। তাঁর অনুরোধে সিএনজি স্টেশন পুরোপুরি ভাঙা হয়নি। জ্বালানি তেল, যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য তাঁদের আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে সিএনজি স্টেশনের নিজস্ব চারটি স্থাপনা গতকালই ভেঙে দেওয়া হয়।জানা যায়, জোট সরকারের আমলে ২০০৩ সালে যোগাযোগ মন্ত্রণালয় অনেকটা অপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির ছেলে ইমতিয়াজ আহম্মেদের নামে এখানে এক বিঘা জায়গার বরাদ্দ দিয়েছিল।রাজউক সূত্র জানায়, সংযোগ সড়ক ও উড়ালসেতুর জন্য কুড়িল এলাকায় রেলওয়ের ১০ একর জায়গা প্রয়োজন হওয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে এই জমি নেওয়া হয়। এর ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয় ৩৯ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে অবকাঠামো বাবদ বরাদ্দ হয় প্রায় নয় কোটি টাকা।এদিকে গতকালের অভিযানে ২৫টির মতো দোকানঘর ভাঙা হলেও এলাকায় অবস্থিত বাড্ডা শ্রমিক লীগের প্রধান কার্যালয় ভাঙা হয়নি। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জানান, পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনা ভাঙা হবে।