কৃত্রিম অঙ্গ সংযোজনে সরকারি সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশেই এখন সফলভাবে কৃত্রিম অঙ্গ সংযোজনের কাজ করছে এনডোলাইট বাংলাদেশ। ফলে কৃত্রিম হাত কিংবা পা লাগানোর জন্য আর বিদেশে যেতে হবে না। এনডোলাইটের সফল কৃত্রিম পা সংযোজনের কারণেই দুই পা হারানো সাইফুল সামিন এখন হাঁটতে পারছেন।গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় এনডোলাইট বাংলাদেশ। বক্তারা বলেন, কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য সরকারিভাবে হাসপাতাল কিংবা সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা উচিত। দৈনিক প্রথম আলোর সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইফুল সামিনের সফল কৃত্রিম পা সংযোজন করার কারণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সামিনের একটি পায়ের অবস্থা খুবই নাজুক ছিল। এ কারণে পা সংযোজন করতে নয় মাস লেগেছে। গত বছরের ডিসেম্বরে সামিনের পা সংযোজনের কাজ শুরু হয়। সামিনের কৃত্রিম পা সংযোজনের জন্য খরচ হয় ২২ লাখ ৫০ হাজার টাকা। চিকিৎসা ব্যয়ের অর্ধেকের বেশি দেয় প্রথম আলো। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সামিনের জন্য গঠন করা তহবিল থেকে বাকি অর্থ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন বলেন, ‘বেসরকারি পর্যায়ে কৃত্রিম অঙ্গ সংযোজন অনেক ব্যয়বহুল। গরিব মানুষেরা যেন এ সেবা পায়, সে জন্য সরকারিভাবে এ ধরনের সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা উচিত।’ সাইফুল সামিন বলেন, ‘আমাকে অনেক দেশি-বিদেশি চিকিৎসক হুইল চেয়ার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি চাইতাম হাঁটতে। এনডোলাইটের আন্তরিক চেষ্টায় এখন আমি হাঁটতে পারছি।’সংবাদ সম্মেলনে এনডোলাইট বাংলাদেশের প্রধান শৈবাল ঘোষ, টেকনিক্যাল পরিচালক নির্মল কান্তি দেব, ব্যবস্থাপনা অংশীদার খালিদ বিন রওশন, বার্ন ইউনিটের সাবেক চিকিৎসক সৈয়দ শামসুদ্দিন আহমেদ ও পঙ্গু হাসপাতালের চিকিৎসক এম এ সামাদ বক্তব্য দেন।