কৃষিতে ক্রমবর্ধমান রাষ্ট্রীয় প্রণোদনার সুবিধা কিষানিবান্ধব নয়। কৃষি কার্ড কতজন নারী পেয়েছেন, তার কোনো তথ্য সরকারের কাছে নেই। কৃষকের জন্য সরকারি প্রণোদনার বিভিন্ন কর্মসূচিতে কৃষিতে নিয়োজিত নারীকে কৃষক হিসেবে স্বীকার করা হয় না। যেসব নারী কৃষি উৎপাদন-প্রক্রিয়ায় যুক্ত, তাঁদের সরকারি প্রণোদনা প্রাপ্তি নিশ্চিত করা উচিত। আর এ জন্য কৃষি কার্ড কিষানির হাতে পৌঁছে দিতে হবে।‘খাদ্য ও কৃষি উৎপাদনে নিয়োজিত নারীর অধিকার রক্ষায় চাই সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষপূর্তি উপলক্ষে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল), কর্মজীবী নারী ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ (সিজিসি) গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এই আলোচনার আয়োজন করে।কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ রাশেদ খান মেনন, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান, সিএসআরএলের আহ্বায়ক আহসান উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মী। বক্তারা বলেন, পরিসংখ্যান বলছে খাদ্য ও কৃষি খাতে উৎপাদক হিসেবে নারীর অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নারীর এই গৌরবোজ্জ্বল ভূমিকা জাতীয় নীতি কাঠামোয় স্বীকৃত নয়।