কৃষি সাংবাদিকতা বইয়ের 'পাঠ্য-সংস্করণ'
ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত কৃষি সাংবাদিকতা বইটিকে পাঠ্যপুস্তক হিসেবে যুক্ত করেছে। এ উপলক্ষে গতকাল রোববার বইটির নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বইয়ের নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, বর্তমানে খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান নিশ্চিত এবং মাটির উর্বরতা রক্ষা করা দেশের কৃষি খাতের বড় চ্যালেঞ্জ। কার্যকর কৃষি সাংবাদিকতার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান বিশেষ অতিথি ছিলেন। মূল বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান।