কৃষকদের স্বার্থে কৃষিনীতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকতা এবং উন্নয়নকর্মীরা গতকাল বুধবার ‘কৃষিতে অর্থায়ন ও বিনিয়োগ’ শীর্ষক এক সেমিনারে এ মতামত দেন। গ্রামীণ জীবনযাত্রায় স্থায়ী উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এই সেমিনারের আয়োজন করে। সিএসআরএল জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার থেকে তিন দিনের কৃষি সিম্পোজিয়ামের আয়োজন করেছে। সিম্পোজিয়ামের দ্বিতীয় দিনে সেমিনারে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। কৃষিতে বিনিয়োগ সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন অক্সফাম জিবি বাংলাদেশের পলিসি অফিসার ইকবাল আহমেদ, কৃষিঋণের বিরাজমান সমস্যা ও সমাধান সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন অন্বেষণের গবেষণা সহযোগী মেহরুনা ইসলাম চৌধুরী, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শস্যবীমা সম্পর্কে বীমা বিশেষজ্ঞ আবদুল মান্নান ও সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ সোসাইটির মিজানুর রহমান। ইকবাল আহমেদ তাঁর প্রবন্ধে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। সে জন্য এ খাতে বড় ধরনের বিনিয়োগ করা দরকার হয়ে পড়েছে। জিডিপি বাড়ানোর জন্যও বিনিয়োগ করা জরুরি। ক্ষুদ্র কৃষি উন্নয়নে এবং কৃষিতে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের নীতি পরিবর্তনের সুপারিশ করেন তিনি।