কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি ব্যবহারের আহ্বান
কৃষি, জ্বালানি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির ব্যবহার শুরুর আহ্বানের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হলো এ প্রযুক্তির ওপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছিল। ২১ আগস্ট রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মশালাটির উদ্বোধন করেন।আয়োজকেরা জানান, একটি বস্তুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকারে রূপান্তরিত করে যে প্রযুক্তির উদ্ভব হয়েছে, তাই ন্যানো প্রযুক্তি। এটা জ্ঞানবিজ্ঞানের একটি যুগান্তকারী নতুন উদ্ভাবন। ন্যানো প্রযুক্তি প্রয়োগে বিজ্ঞান, চিকিৎসা, কৃষি, খাদ্য, বস্ত্র, প্রকৌশল, শক্তি, পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে প্রতিনিয়ত উন্নয়ন সাধিত হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে কৃষি, জ্বালানি, স্বাস্থ্য, পোশাক ও চিকিৎসা ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তাই এর কার্যকরী চর্চা ও শিল্পে প্রয়োগ শুরু হওয়া দরকার। তিনি দেশের বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের ন্যানো প্রযুক্তি বিষয়ে সংগঠিত হয়ে এর চর্চা ও শিল্পে প্রয়োগের পন্থা উদ্ভাবনের আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ন্যানো প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষি, খাদ্য, চিকিৎসা, বস্ত্র, শক্তি ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের প্রেসিডেন্ট অধ্যাপক মেসবাহউদ্দিন আহমাদ, বুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফজাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।