রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচি
কেউ চান বিচার, কেউ ক্ষতিপূরণ কেউ চান কবরের খোঁজ

ফেস্টুন হাতে পাশাপাশি বসে আছে তুহিন মিয়া ও মিম। দুজনেরই বয়স সাত বছর। তুহিনের হাতে থাকা ফেস্টুনে লেখা, ‘আমার মাকে ফেরত চাই।’ মিমের ফেস্টুনে লেখা, ‘আমার বাবার খোঁজ চাই।’
সাভারের রানা প্লাজা ধসে তুহিন মা ও মিম বাবাকে হারিয়েছে। গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে তাদের মতো মা কিংবা বাবা হারানো আরও ১৫ জন শিশু জড়ো হয়েছিল গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে। ছিলেন ওই ঘটনায় সন্তানহারা ২০ জন মা, আটজন বাবা, স্বামীহারা চার নারী ও স্ত্রী হারানো দুই ব্যক্তি। তাঁদের কেউ ওই ধসের জন্য দায়ী ব্যক্তিদের বিচার চাইলেন, কেউ চাইলেন কবরের খোঁজ। চাইলেন ক্ষতিপূরণ।
রানা প্লাজা ধসে স্বজনহারা এই মানুষেরা এসব দাবি জানান গতকাল আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
দুই বছরের ছেলে সোহাগকে কোলে নিয়ে বসে থাকা খোদেজা বেগম জানালেন, রানা প্লাজায় স্বামী হারিয়েছেন। লাশ পাননি, তবে ডিএনএ পরীক্ষার সুবাদে স্বামীর কবর পেয়েছেন। ক্ষতিপূরণ যা দেওয়া হয়েছে, তার অর্ধেক নিয়েছেন শ্বশুর। এখন মানুষের বাসায় কাজ করে জীবন চালান। তিনি বলেন, ক্ষতিপূরণ চাইতে নয়, দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানাতে এখানে এসেছেন।
নাছিমা বেগমের নীরব কান্না থামছিল না। সেই কান্না সংক্রমিত হচ্ছিল অন্যদের মাঝেও। বড় ছেলে লিটনকে হারানো নাছিমা বেগম ক্ষতিপূরণ পেয়েছেন এক লাখ টাকা। তিনি বলেন, ‘আমার ছেলেরে যারা মারছে, ওগো সাজা দিতে হবে।’
শাহিদা বেগম মেয়ে শান্তা আক্তারের (১৭), আবদুর রহিম ছেলে সবুজের (২৮), মো. আলম স্ত্রী বিউটি বেগমের (৩০) খোঁজ পাননি এখনো। তাঁরা ডিএনএ নমুনা দিলেও নিহত কারও সঙ্গে মিলেনি। এখন তাঁরা হারানো প্রিয়জনের কবরের সন্ধান চান।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের নেতাদের পাশাপাশি স্বজনহারারাও বক্তব্য দেন। নিহত পোশাকশ্রমিক হৃদয়ের মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘এই ১৬টি মাস কীভাবে কাটল, তা আমি জানি আর আল্লাহ জানে। আমাদের কষ্ট দূর করতে আমাদের সন্তানেরা গার্মেন্টসে চাকরি নিয়েছিল, কিন্তু তারা আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়ে গেল। সরকারও আমাদের কোনো খবর নিল না।’
নিহত সেলিনার ছেলে তুহিন মিয়া বক্তব্য দেওয়ার সময় কাঁদতে কাঁদতে বলে, ‘আমি কিচ্ছু চাই না। আমার মাকে আইন্যা দেন।’ তার কান্না দেখে এ সময় উপস্থিত সংবাদকর্মীসহ অনেকের চোখে পানি চলে আসে।
নিহত শান্তার মা শাহিদা বলেন, ‘সন্তানদের লাশ কবর দিতে পারলাম না, এটাই আমাদের কষ্ট। রানা প্লাজার জায়গায় গেলে পুলিশ লাঠিপেটা করে। সেখানে কোনো হাড়গোড় খুঁজে পেলে তারা বলে, ওটা নাকি গরুর হাড্ডি। আমাদের সন্তানদের তারা পশু বানাইয়া দিছে।’
গার্মেন্ট শ্রমিক সংহতির নেতারা তাঁদের বক্তব্যে রানা প্লাজায় সহস্রাধিক মানুষ হত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।