বিশেষ সাক্ষাৎকার : আতিকুল ইসলাম
কেউ দখল করে পেশিশক্তিতে, কেউ অসহায় হয়ে
নগরবাসীকে আরও কিছুদিন মশার কামড় সহ্য করতে হবে।
কোথাও ভাঙা ফুটপাত থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
অবৈধ দখলদারের জন্য সিটি করপোরেশন কোনো বৈধ নোটিশ দেবে না।
আগামী দুই বছরের মধ্যে ঢাকায় বৃষ্টির পানি যাতে এক ঘণ্টার মধ্যে নেমে যায়, সে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে।
বাসযোগ্যতার বিচারে বিশ্বে ঢাকা শহরের অবস্থা কয়েক বছর ধরেই তলানিতে। যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ এবং মশার উপদ্রবে নাকাল শহরের মানুষ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম তাঁর দ্বিতীয় দফা দায়িত্বের এক বছর পূর্ণ করেছেন গত মে মাসে। এই সময়ে তিনি নগরবাসীর প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন, তা নিয়ে আলোচনা প্রচুর। কাজের ভালো–মন্দ, নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন প্রথম আলোর। সাক্ষাৎকার নিয়েছেন ইমাম হোসেন সাঈদ ও ড্রিঞ্জা চাম্বুগং।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি যে শহরের মেয়র, সেটি বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের একটি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ১৪০টি বড় শহরের মধ্যে ঢাকার অবস্থান একদম তলানিতে—১৩৭তম। বিষয়টি আপনার জন্য নিশ্চয়ই বিব্রতকর।
আতিকুল ইসলাম: বিব্রতকর বলে হাল ছেড়ে দিলে তো হবে না। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। যেসব বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য ও সংস্কৃতি ছিল। ঢাকা উত্তরের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি করপোরেশনের নিজস্ব কোনো হাসপাতাল এত দিন ছিল না। এখন করোনা হাসপাতাল করেছি। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই আমার পরিকল্পনায় হাসপাতাল তৈরির বিষয়টি ছিল। সুযোগ পেয়েই মহাখালী কাঁচাবাজার মার্কেটের দোকান বরাদ্দ বাতিল করে হাসপাতাল বানিয়েছি। তলানি থেকে উত্তরণে এটিও একটি অর্জন। করপোরেশনের মাতৃসদনগুলো উন্নত ও আধুনিকায়ন করা হলে এ অবস্থার আরও উত্তরণ হবে। নগরবাসীর বিনোদনের ব্যবস্থা করতে বেদখল করা এবং মুখ থুবড়ে পড়ে থাকা পার্ক ও মাঠগুলোর সংস্কার ও উন্নয়ন করছি। ইতিমধ্যে গুলশান, বনানী ও মোহাম্মদপুর এলাকায় মাঠ ও পার্কের সংস্কার করে এলাকাবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আরও যে ২৪টি পার্ক ও মাঠের সংস্কারকাজ চলছে, সেগুলো চালু হলে শহরের অবস্থার পরিবর্তন হবে।
প্রশ্ন :
প্রথম আলো: ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের একটি।
আতিকুল ইসলাম: ঢাকার বায়ুদূষণ রোধে গাছে ও রাস্তায় একই সময়ে পানি ছিটানো যায় এমন দুটি যন্ত্র কিনে কাজ করছে করপোরেশন। এ ছাড়া বায়ুদূষণ পরিমাপের যন্ত্র স্থাপনের জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি ২৩৪টি সড়কবাতির খুঁটিতে যন্ত্র স্থাপন করবে। কোন জায়গায়, কী কারণে, কতটুকু বায়ুদূষণ হচ্ছে—যন্ত্রের মাধ্যমে সব জানা যাবে। তবে শহরে চলমান বিভিন্ন উন্নয়নকাজের ফলে দূষণ কমানো যাচ্ছে না। ধুলাবালু নিয়ন্ত্রণের দায়িত্ব উন্নয়নকাজ করা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর। তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না।
প্রশ্ন :
প্রথম আলো: সিটি করপোরেশনসহ যেকোনো সরকারি সংস্থা বিভিন্ন প্রকল্প তৈরি করে নানা ধরনের কেনাকাটাতেই বেশি আগ্রহী। রাস্তা পারাপারে ২০ লাখ টাকার ‘পুশ বাটন’ প্রকল্প কাজে লাগেনি।
আতিকুল ইসলাম: পুশ বাটন প্রকল্পটি ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে করা হয়েছে। আরও যেসব জায়গায় এ যন্ত্র বসানোর পরিকল্পনা ছিল, সেসব আপাতত বন্ধ রাখা হয়েছে। পুশ বাটন ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা অব্যাহত আছে। জনগণ এগিয়ে না এলে যেকোনো কাজ সফল হওয়া কঠিন। আর কোনো প্রকল্প শুধু যদি টাকার জন্য করা হয়, সেটা আমি নিজেই বাধা দেব।
প্রশ্ন :
প্রথম আলো: নগর ভবন যে ওয়ার্ডে, সেখানেই ৩৬টি প্রতিষ্ঠান বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের কাজ করে। অন্য ওয়ার্ডেও একই চিত্র। অনেকেই কাজটি রাজনৈতিক পরিচয়ে করেন। এক বছরেও বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা গেল না কেন?
আতিকুল ইসলাম: বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জের। এখানে সবাই জড়িত। তবে করপোরেশনের গত বোর্ড সভায় বর্জ্য সংগ্রহের নীতিমালার অনুমোদন হয়েছে। আগামী কোরবানির ঈদের পর এর কাজ শুরু হবে। একটি ওয়ার্ডে চারটি প্রতিষ্ঠান কাজ করবে। টাকাও নির্ধারণ করে দেওয়া হবে। তখন এ কাজে বিশৃঙ্খলা থাকবে না। পর্যায়ক্রমে এটি সব ওয়ার্ডে করা হবে।
প্রশ্ন :
প্রথম আলো: যখন-তখন, যেখানে–সেখানে যেকোনো সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের কাজটি কেন সমন্বয় করতে পারছে না সিটি করপোরেশন?
আতিকুল ইসলাম: দায়িত্ব নেওয়ার পর থেকেই যত্রতত্র, যখন-তখন রাস্তা খোঁড়াখুঁড়ির বিরোধিতা করে আসছি। এতে অনেক দিন রাস্তা খোঁড়া বন্ধ ছিল। বাসাবাড়িতে ঢাকা ওয়াসার পানির নতুন সংযোগ স্থাপন প্রকল্পও এ কারণে থমকে গিয়েছিল। বাস্তবতা হচ্ছে ওয়াসাকে রাস্তা খননের অনুমতি শেষ পর্যন্ত দিতে হয়েছে। তারা ১ হাজার ২০০ কিলোমিটার সড়ক খনন করবে। এখন মানুষ প্রশ্ন করতে পারে সমন্বয় কেন হলো না? কেন আগে ওয়াসা পানির লাইন দিল না? কেন তারা রাস্তা নির্মাণের পর খনন করে কাজ করছে? এর উত্তর হচ্ছে এডিবির অর্থায়নে ওয়াসার প্রকল্পের মেয়াদকাল চার বছর। তাই এই সময়ের মধ্যে কাজ শেষ না হলে অর্থ ফেরত যাবে। আর ওয়াসাকে কাজ করতে না দিলে নগরবাসী সুপেয় পানি পাবে না।
প্রশ্ন :
প্রথম আলো: ফুটপাত ভাঙাচোরা থাকবে না—মানুষের এ সামান্য চাওয়াটুকুও সিটি করপোরেশন কেন পূরণ করতে পারে না?
আতিকুল ইসলাম: উত্তরার বিভিন্ন সেক্টর ও আগারগাঁও এলাকায় এখন আর কোনো ভাঙা রাস্তা কিংবা ফুটপাত নেই। এর বাইরে কোথাও ভাঙা ফুটপাত থাকলে নগরবাসী ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে। করপোরেশন দ্রুত সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা নেবে। নগরবাসীকে অনুরোধ করব, তাঁরা যেন দয়া করে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করলে সমস্যা সমাধান করা সহজ হয়। ‘সবার ঢাকা’ অ্যাপ চালুর পর থেকে পাঁচ মাসে (১৩ জুন পর্যন্ত) মোট ৩ হাজার ২৫৭টি অভিযোগ এসেছে। সমাধান করা হয়েছে ৩ হাজার ১০৫টি। মোট অভিযোগের বিপরীতে শতকরা ৯৫ ভাগ সমস্যা সমাধান করেছে করপোরেশন।
প্রশ্ন :
প্রথম আলো: ফুটপাত থেকে অবৈধ দখল স্থায়ীভাবে উচ্ছেদ করতে করপোরেশনের আর কত সময় লাগবে?
আতিকুল ইসলাম: ঢাকা হচ্ছে দখল ও দূষণের শহর। এই শহরে কেউ দখল করছে পেশিশক্তি দিয়ে, আর কেউ অসহায় হয়ে। এ বাস্তবতা অস্বীকার করে লাভ নেই। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের পরেই মানুষ ঢাকায় চলে আসে। এক দিনের জন্য ফুটপাত দখলমুক্ত করে লাভ নেই। ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে সঠিক ও টেকসই ব্যবস্থাপনা দরকার। এ বিষয়ে নগরবিদদের নিয়ে একটি পরিকল্পনা হচ্ছে। হলিডে মার্কেটের মাধ্যমে পরীক্ষামূলকভাবে কয়েকটি রাস্তায় হকার বসানোর পরিকল্পনা নিচ্ছি। তাঁদের রেজিস্ট্রেশন করে টোকেন দেওয়া হবে। তাঁরা পর্যায়ক্রমে রাস্তায় ব্যবসা করবেন। তখন তাঁদের আর কাউকে চাঁদা দিতে হবে না। করোনা পরিস্থিতিতে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালালে বিষয়টি অমানবিক হবে। উচ্ছেদের পরেই যাতে আবার দখল না হয়, সে জন্যই টেকসই সমাধানের পরিকল্পনার দিকে এগোচ্ছি।
প্রশ্ন :
প্রথম আলো: ব্যবসায়ী নেতা থেকে সরাসরি মেয়র। রাজনৈতিক কর্তৃত্ব না থাকায় উচ্ছেদ করতে সমস্যা হচ্ছে কি?
আতিকুল ইসলাম: আমি যতগুলো উচ্ছেদ অভিযান করেছি, সেখানে রাজনৈতিক নেতারাই আমাকে সহায়তা করেছেন। উত্তরায় খালের জায়গা ভরাট করে প্লট করা হয়েছিল। সেখানে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। আমি জায়গা উদ্ধার করে আবার খাল খনন করে দিয়েছি। পল্লবীতে বিহারি ক্যাম্পের লোকেরা মূল সড়ক দখল করে স্থাপনা গড়ে তুলেছিল। সেটি উচ্ছেদ করেছি। ভাষানটেক পকেট গেট মোড়ে একটি ভবনের জন্য কয়েক মিনিটের রাস্তা পার হতে যানজটের কারণে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা সময় পর্যন্ত সময় লাগত। জমির মালিককে তাৎক্ষণিক ডেকে এনে ভবন ভেঙে রাস্তার জায়গা পরিষ্কার করেছি। সেখানে রাস্তায় জায়গায় থাকা কাউন্সিলরের ষষ্ঠতলা ভবনের অবৈধ বর্ধিত অংশও ভাঙা হয়েছে। সিটি করপোরেশন অবৈধ দখলদার উচ্ছেদ এবং দূষণ ঠেকাতে কাজ করছে। অবৈধ দখলদারের জন্য সিটি করপোরেশন কোনো বৈধ নোটিশ দেবে না। দখলদারের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না। এই শহরে ট্রাক–বাসের জন্য কোনো জায়গা নেই। এগুলো কোথায় যাবে? শহর গড়ার সময় এসব বিষয় ভাবা হয়নি।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি যে কাজই করেন না কেন, মানুষ তার সঙ্গে প্রয়াত মেয়র আনিসুল হকের কাজের তুলনা করবে। এটি কি আপনার জন্য বাড়তি কোনো চাপ?
আতিকুল ইসলাম: মানুষ তুলনা করতেই পারে। কিন্তু আমি মনে করি, আমার পরিকল্পনামাফিক আমি কাজ করছি। আমার বিশ্বাস, মানুষ আমার পাশে থেকে আমার কাজকে সমর্থন করছে। তাই আমার কোনো চাপ নেই। আনিসুল হকের যেসব অসম্পূর্ণ কাজ ও পরিকল্পনা রয়ে গেছে, সেগুলোর পরিপূর্ণতা দেওয়া এবং বাস্তবায়ন করা আমার দায়িত্ব। আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশনের দায়িত্ব দক্ষিণের মেয়রকে দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন সভা হয়েছে এবং চলছে। যে অগ্রগতি হওয়ার কথা ছিল, সেটাও করোনার কারণে স্তিমিত হয়েছে। এটা বাস্তবতা।
প্রশ্ন :
প্রথম আলো: বর্ষা শুরু হওয়ার পর প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকে জলাবদ্ধতা নিরসনের জন্য ১০ লাখ করে টাকা বরাদ্দের ঘোষণা দিলেন। বর্ষা শুরুর আগে এই বরাদ্দ দেওয়া হলো না কেন?
আতিকুল ইসলাম: জলাবদ্ধতা নিয়ে করপোরেশন বিভিন্ন ধরনের কাজ করছে। তবে গত বছর যেসব স্থানে জলাবদ্ধতা সমস্যা ছিল, এ বছর সেসব জায়গায় আর জলাবদ্ধতা হচ্ছে না। আবার নতুন করে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই মাঠে আছি। কর্মকর্তারাও নতুন জলাবদ্ধতার জায়গাগুলো চিহ্নিত করছেন। গত বছরের তথ্যের সঙ্গে এগুলো মিলছে না। যেমন বারিধারার ১৩ নম্বর সড়কে এ বছর নতুন করে পানি জমছে। জানা গেল, সমস্যার উৎস বারিধারা লেকে পানি নামার রাস্তাটা বন্ধ করে রাখা। এসব ক্ষেত্রে ব্যবহারিক অনেক জ্ঞান অর্জন করতে হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন জায়গায় সমস্যা হচ্ছে। এ বছর ১০৩ জায়গায় পানি জমছে। এর জন্য ৬টি হটস্পট ধরে কাজ করা হচ্ছে। তবে জলাবদ্ধতার নিরসনে করপোরেশনের সার্থকতা নিয়ে আমি নিজে সন্তুষ্ট নই। আগামী দুই বছরের মধ্যে ঢাকার যেকোনো স্থানে বৃষ্টির পানি যাতে এক ঘণ্টার মধ্যে নেমে যায়, সে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে।
প্রশ্ন :
প্রথম আলো: নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে রাস্তাঘাটসহ নাগরিক সুবিধা বলতে আসলে কিছু নেই। গত এক বছরে এসব ওয়ার্ডের উন্নয়নে কী করেছেন?
আতিকুল ইসলাম: এই ওয়ার্ডগুলোর উন্নয়নের জন্য পরিকল্পনা দরকার। মাস্টারপ্ল্যান হয়েছে। এসব ওয়ার্ডের বর্তমান অবস্থা, কোথায় কী করা প্রয়োজন, সব এই মাস্টারপ্ল্যানে আছে। নতুন অর্থবছরের শুরু থেকেই নতুন ওয়ার্ডের উন্নয়নকাজ শুরু হবে।
প্রশ্ন :
প্রথম আলো: মশার উপদ্রব থেকে বাঁচতে মানুষ করপোরেশনের দিকে তাকিয়ে আছে। সিটি করপোরেশনের বর্তমান ব্যবস্থায় কি নগরবাসী আদৌ মশার হাত থেকে মুক্তি পাবে?
আতিকুল ইসলাম: মশার লার্ভা পাওয়া যাওয়ায় ইতিহাসে এই প্রথম সিভিল এভিয়েশন, রেলওয়ে ও মিল্ক ভিটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দিয়েছি। এডিস মশা নিধনে করপোরেশনের স্বাস্থ্য বিভাগকে গত বছর ৬টি চিরুনি অভিযান করেছি। সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের মধ্যে পরীক্ষামূলকভাবে একটি অঞ্চলে মশা নিধনের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়ার চিন্তা হচ্ছে। ২১ বছর ধরে করপোরেশনে মশার ওষুধ সরবরাহের বিষয়টি একটি চক্র নিয়ন্ত্রণ করত। এই চক্র ভেঙে ওষুধ পরিবর্তন করা হয়েছে। মশা পরিপক্ব হওয়ার পরে ব্যবস্থা নিয়ে লাভ নেই। মশা লার্ভা থাকা অবস্থাতেই ধ্বংস করতে হবে। এতে সফল না হলে কখনোই মশা নির্মূল করা যাবে না। করপোরেশন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিটি করপোরেশনের একক প্রচেষ্টায় এটি কখনো সম্ভব নয়। নগরবাসীকে আরও কিছুদিন মশার কামড় সহ্য করতে হবে। অভিযান চালিয়ে প্রজননক্ষেত্র ধ্বংস করা হচ্ছে।
প্রশ্ন :
প্রথম আলো: সিটি করপোরেশনের সেবা কি দুর্নীতিমুক্ত?
আতিকুল ইসলাম: দুর্নীতিমুক্ত করতেই ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। দুর্নীতি দেখলেই নাগরিকদের দায়িত্ব তাঁরা যেন অ্যাপে অভিযোগ করে। নাগরিক সেবাসহ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।