কেউ বললেন পরিবর্তন আছে কেউ বলেন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র মিনহাজ বিন সেলিম। দুই আঙুলে নাক চেপে রাসেল স্কয়ার থেকে যে পথটি পান্থপথ সিগন্যালের দিকে গেছে, সেই পথ ধরে এগোচ্ছিলেন। কথা বলার জন্য থামতে বলতে ইশারায় এগিয়ে যেতে বললেন। মুচকি হেসে বললেন, ‘ফুটপাত তো ফাঁকা হলো। সামনে ময়লার দু-দুটো ডিব্বা। দুর্গন্ধে টেকা দায়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে পড়েছে এলাকাটি। মিনিট দশেক দাঁড়িয়ে পথচারীদের পর্যবেক্ষণ করে দেখা গেল, এই জায়গাটায় পৌঁছানোর খানি আগেই লোকে দুর্গন্ধ এড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
নতুন মেয়র এসে লাভটা হলো কী—জানতে চাইলে বিতর্ক শুরু হলো। কেউ বললেন, সকালের মধ্যেই তো ময়লা পরিষ্কার করে ফেলার কথা। অথচ এখানে সারা দিনই ময়লা ফেলা হচ্ছে। কুকুর ময়লা নিয়ে টানাটানি করছে। কেউ বললেন, একবারে সব হবে না। এক পা এক পা করেই এগোতে হবে। ফুটপাত মুক্ত করার উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত।
তবে ফুটপাত মুক্ত করায় নাখোশ লোকজনের সংখ্যাও নেহাত কম নয়। নাম প্রকাশ না করার শর্তে এক হকার প্রথম আলোকে বলেন, ‘উডায়া তো দিল, কী কইরা খামু হেইডা তো কইল না। গরিবের কথা কেউ ভাবে না।’
২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমানও যে নিজের কাজে খুব খুশি, তা নয়। তিনিও মনে করেন, ফুটাপাত ফাঁকা করাই গত এক বছরে তাঁর একমাত্র সাফল্য। অখুশি কেন—এমন প্রশ্নে অনর্গল কথা বলে গেলেন, ‘ফুটপাতটা পরিষ্কার করছি। আর শত্রু বাড়াইছি। রাস্তার ক্যামন অবস্থা দেখছেন তো। স্ট্রিট লাইট দিছে। একদিকে লাগায়া অন্যদিকে যাইতে যাইতে দেখি আগেরগুলা ফিউজ হয়্যা গেছে। মশার ওষুধ যতটুক দরকার ততটুক পাই না। ২৭ নম্বর ওয়ার্ডে কিন্তু সব নামীদামি লোকজন থাকে। কী আর বলব। ছাড়তে পারলে বাঁচি।’
রাস্তার উল্টো দিকে কলাবাগান। এই জায়গাটা পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর সালাহউদ্দীন আহমদ ঢালীর কাছে প্রশ্ন ছিল—এক বছরের অর্জন কী? তিনি বেশ কিছুক্ষণ ভেবে বলেন, একটা রাস্তার কাজ শেষ হয়েছে। এর বাইরে এলাকাবাসীর জন্য আর কী কী কাজ করছেন—জানতে চাইলে বলেন, ভালো কাজ অনেক করেছেন, আরও করবেন।
কলাবাগানের পোড়াবাড়ির বাসিন্দা লাল মিয়া। তাঁর চোখে এলাকার সবকিছুই আগের মতো। কোনো পরিবর্তন দেখেন না। তবে চা-দোকানি আলেয়া বেওয়া একটা পরিবর্তন দেখেন। ভাসমান দোকান চালুর পর এক রাতে তাঁর চুলা, ছোট বাক্স—সব পাশের চা-দোকানি লোপাট করে দিয়েছিলেন। কাউন্সিলরের হস্তক্ষেপে ফেরত পেয়েছেন। নতুন কাউন্সিলর আসায় লাভ কী হলো—জানতে চাইলে পান চিবোতে চিবোতে বললেন, ‘নালিশ দিছি, জিনিস ফিরত পাইছি। হ্যায় না থাকলে ক্যামনে পাইতাম?’