কেএফসি, পিৎজা হাট ও ডব্লিউএফপির যৌথ প্রচারাভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি ও পিৎজা হাট বাংলাদেশে টানা চতুর্থবারের মতো জাতিসংঘ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম—ডব্লিউএফপি) সঙ্গে মাসব্যাপী ওয়ার্ল্ড হাঙ্গার রিলিফের যৌথ প্রচারাভিযান শুরু করেছে।বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে সচেতনতা সৃষ্টি এবং স্কুলগুলোতে খাদ্য সরবরাহের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ডব্লিউএফপির সহযোগী হিসেবে কেএফসি ও পিৎজা হাট এই প্রচারাভিযানের উদ্বোধন করল।ঢাকার কেএফসিতে গতকাল বৃহস্পতিবার এই প্রচারাভিযানের উদ্বোধন করেন বাংলাদেশে ডব্লিউএফপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিশেল ডানফোর্ড ও ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী। এই প্রচারাভিযানের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর ও অভিনেত্রী শারমিন লাকি।আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিকভাবে পালিত হবে এই হাঙ্গার রিলিফ প্রোগ্রাম। বিশ্বব্যাপী ১১২টি দেশে ইয়াম!-এর প্রায় ৩৫ হাজার রেস্তোরাঁয় (এঅ্যান্ডডব্লিউ, কেএফসি, লং জন সিলভারস, পিৎজা হাট ও ট্যাকো বেল) এই যৌথ প্রচারাভিযান চলবে। এর মাধ্যমে অর্জিত সব টাকা ডব্লিউএফপির তহবিলে জমা দেওয়া হবে।আক্কু চৌধুরী বলেন, ‘এ বছর ডব্লিউএফপির তহবিল সংগ্রহের জন্য বিলের সঙ্গে অতিরিক্ত ২০ টাকা করে অনুদান দিতে ভোক্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। ভোক্তাদের দেওয়া মোট টাকার সমপরিমাণ দেবে ট্রান্সকম ফুডস লিমিটেড।’ বিজ্ঞপ্তি।