কেন্দ্রীয় কারাগারে দুই হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই হাজতি গতকাল রোববার হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন বাবুল হোসেন (৩৫) ও আবদুর রাজ্জাক (৩২)।কারাগার সূত্র জানায়, গত শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি বাবুল হোসেন অসুস্থ হয়ে পড়লে তাঁকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল ছয়টার দিকে তিনি মারা যান। তিনি শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন।২০০৮ সালে ক্যান্টনমেন্ট থানার পুলিশ একটি ডাকাতির মামলায় তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চুরাবিল গ্রামে। তাঁর বাবার নাম মো. আজিজ।ঢাকা কেন্দ্রীয় কারাগারের আরেক হাজতি আবদুর রাজ্জাক মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে মারা যান। গত ৩ জুন যশোর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরদিন সেখান থেকে তাঁকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর গ্রামের বাড়ি যশোরের কোতোয়ালি থানার জুমজুম উত্তরপাড়া গ্রামে। পিতা শাহজাহান মিয়া।